লুকাস পাকেতা © টিডিসি ফটো
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকেতার চোট নিশ্চিত হওয়ায় নরওয়ের বিপক্ষে রোববারের ম্যাচে তাকে পাচ্ছে না সেলেসাওরা। চোটের খবর নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবারের মতো নিজের অনুভূতির কথাও জানিয়েছেন এই তারকা ফুটবলার।
জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে চোট পান পাকেতা। ম্যাচ চলাকালেই বাঁ পায়ের উরুর পেছনের অংশে ব্যথা অনুভব করেন তিনি। এরপরও কিছু সময় খেলা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ব্যথা বাড়ায় মাঠ ছেড়ে যেতে বাধ্য হন।
মঙ্গলবার (৩০ জুন) করা শারীরিক পরীক্ষায় তার বাঁ পায়ের উরুর পেছনের অংশে চোট ধরা পড়ে। ফলে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ থেকে ছিটকে গেছেন ফ্লামেঙ্গোর এই মিডফিল্ডার।
চোট নিশ্চিত হওয়ার পর নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান পাকেতা। বাইবেলের কয়েকটি আয়াত শেয়ার করার পাশাপাশি তিনি লেখেন, ‘বিশ্বাস... এর আগেও আমি এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি।’
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনও পাকেতার মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি। তবে ব্রাজিলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তাকে পাওয়া যাবে না।
চোট নিয়ে সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘যত দ্রুত সম্ভব তাকে সুস্থ করে মাঠে ফেরানোর লক্ষ্য নিয়ে জাতীয় দলের মেডিকেল দলের তত্ত্বাবধানে পাকেতা নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন।’
পাকেতার অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। জাপানের বিপক্ষে কঠিন লড়াই শেষে শেষ ষোলো নিশ্চিত করা দলটি এবার নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে এই তারকা মিডফিল্ডারকে ছাড়াই মাঠে নামবে।