নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুই বড় দুশ্চিন্তা

০১ জুলাই ২০২৬, ০১:০৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৬, ০১:০৭ PM
 লুকাস পাকেতা ও কাসেমিরো

লুকাস পাকেতা ও কাসেমিরো © টিডিসি ফটো

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। জাপানের বিপক্ষে নাটকীয় জয়ের পর দলের দুই অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকেতা ও কাসেমিরো চোটে পড়েছেন। ফলে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে তাদের পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শেষ ৩২-এর ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলেও পুরোপুরি স্বস্তিতে নেই ব্রাজিল শিবির। কারণ, ম্যাচটিতে চোট পেয়েছেন দলের দুই নির্ভরযোগ্য মিডফিল্ডার। তাদের শারীরিক অবস্থা এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন কোচ কার্লো আনচেলত্তি ও দলের মেডিকেল স্টাফ।

দুজনের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ লুকাস পাকেতা। ম্যাচের প্রথম মিনিটেই তিনি পেশিতে অস্বস্তি অনুভব করেন। এরপরও খেলা চালিয়ে যান। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে একই জায়গায় আবারও ব্যথা অনুভব করেন। এরপর আর মাঠে থাকা সম্ভব হয়নি তার। বিরতির সময় সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়েন পাকেতা। মাঠ ছাড়ার সময় তাকে চোখের জল ফেলতেও দেখা যায়।

এখনও ব্রাজিল ফুটবল কনফেডারেশন পাকেতার চোট নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে তার ক্লাব ফ্লামেঙ্গো জানিয়েছে, পাকেতা পেশির চোটে আক্রান্ত হয়েছেন। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরাতে নিবিড় চিকিৎসা চলছে।

অন্যদিকে কাসেমিরোও জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচে ব্রাজিলের সমতাসূচক গোলটি করেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। তবে ম্যাচের শেষ দিকে তিনিও ব্যথা অনুভব করে মাঠ ছেড়ে যান।

তবে কাসেমিরোর চোট নিয়ে কিছুটা আশাবাদী ব্রাজিল শিবির। তাদের ধারণা, এটি গুরুতর কোনো চোট নয়। বরং শক্ত ধরনের মাংসপেশির টানেই তিনি ভুগছেন।

জাপানের বিপক্ষে ম্যাচ শেষে দুই ফুটবলারের অবস্থা নিয়ে কথা বলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

তিনি বলেন, ‘আগামীকাল আমরা দেখব পাকেতা এবং কাসেমিরোর অবস্থা কেমন। এটি খুব কঠিন একটি ম্যাচ ছিল। জাপান সহজ কোনো দল নয়। তারা খুবই সংগঠিত এবং দারুণ গতিময় একটি দল।’

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। আইভরি কোস্টকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। আগামী রবিবার দুই দলের লড়াইয়ে নির্ধারণ হবে কে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকেতা ও কাসেমিরোর চোটই এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ।
 

ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ নারীসহ ৪ জনের
  • ২২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা
  • ২২ আগস্ট ২০২৬
ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, ডিআর কঙ্গোতে পৌঁছাল ১৬ হাজার টিকা
  • ২২ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ: নায়েম নিয়ে তদন্তে ডিআইএ
  • ২২ আগস্ট ২০২৬
পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ২২ আগস্ট ২০২৬
প্রভোস্টের উপস্থিতিতে সংঘর্ষ, দুজনকে বহিষ্কার করা হলেও জড়িত…
  • ২২ আগস্ট ২০২৬