ইংল্যান্ড দল © সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ইংল্যান্ড মুখোমুখি হবে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো)। গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে ওঠা থ্রি লায়ন্সের লক্ষ্য এবার শেষ ষোলো নিশ্চিত করা।
গ্রুপ 'এল'-এ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউটে উঠেছে থমাস টুখেলের দল। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানোর পর ঘানার সঙ্গে গোলশূন্য ড্র এবং শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে পরাজিত করে থ্রি-লায়ন্সরা।
অন্যদিকে, গ্রুপ 'কে'-তে তৃতীয় হলেও ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউটে জায়গা করে নেয় ডিআর কঙ্গো। পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র, কলম্বিয়ার কাছে ১-০ গোলে হার এবং উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে দলটি।
ইংল্যান্ডের ভরসা কেইন-বেলিংহাম
গ্রুপ পর্বে ইংল্যান্ডের হয়ে হ্যারি কেইন ও জুড বেলিংহাম মিলে পাঁচ গোল করেছেন। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে দলের আক্রমণে ধার এবং ছন্দ নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরও কাগজে-কলমে ইংল্যান্ডই পরিষ্কার ফেবারিট।
স্বপ্নের যাত্রায় ডিআর কঙ্গো
১৯৭৪ সালে জায়ার নামে প্রথম ও একমাত্র বিশ্বকাপ খেলেছিল দেশটি। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে এবারই প্রথম নকআউটে উঠেছে তারা। উজবেকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ইয়োয়ানে উইসার জোড়া গোল ছিল দলের সবচেয়ে বড় প্রাপ্তি।
সম্ভাবনার হিসাব
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটারের মতে, নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৭৩ দশমিক ৯ শতাংশ। ডিআর কঙ্গোর জয়ের সম্ভাবনা ১১ দশমিক ৩ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ১৪ দশমিক ৮ শতাংশ।
জিতলে কার মুখোমুখি?
এই ম্যাচের বিজয়ী শেষ ষোলোতে মুখোমুখি হবে ইকুয়েডর ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের বিজয়ীর।
সম্ভাব্য একাদশ
ইংল্যান্ড (৪-২-৩-১): জর্ডান পিকফোর্ড; জেড স্পেন্স, এজরি কনসা, মার্ক গেহি, ও'রাইলি; এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস; বুকায়ো সাকা, জুড বেলিংহাম, মার্কাস রাশফোর্ড; হ্যারি কেন।
ডিআর কঙ্গো (৫-৩-২): দিমিত্রি এমপাসি; অ্যারন ওয়ান-বিসাকা, শঁসেল এমবেম্বা, অ্যাক্সেল তুয়ানজেবে, কাপুয়াদি, আর্থার মাসুয়াকু; নোয়া মুকাউ, স্যামুয়েল মুতুসামি, এদো কায়েম্বে; ইয়োয়ানে উইসা, সেড্রিক বাকাম্বু।