শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে, জানাল সুপার কম্পিউটার

৩০ জুন ২০২৬, ০৯:৩৮ PM
ব্রাজিল দল

ব্রাজিল দল © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে আজ (৩০ জুন) মুখোমুখি হচ্ছে আফ্রিকার প্রতিনিধি আইভরি কোস্ট ও ইউরোপের শক্তিশালী দল নরওয়ে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি। আজ যে দল জিতবে, শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে তারা।

এবারের বিশ্বকাপে ইতিহাস গড়েছে আইভরি কোস্ট। এর আগে কখনোই গ্রুপ পর্ব পেরোতে না পারা দলটি প্রথমবারের মতো নকআউটে খেলছে। অন্যদিকে, দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দারুণ পারফরম্যান্সে শেষ ৩২ নিশ্চিত করেছে নরওয়ে। এখন তাদের লক্ষ্য ১৯৯৮ সালের পর আবারও শেষ ষোলোয় জায়গা করে নেওয়া।

নরওয়ের সবচেয়ে বড় ভরসা আর্লিং হলান্ড। গ্রুপ পর্বে মাত্র দুই ম্যাচ খেলেই ৪ গোল করে দুর্দান্ত ছন্দে আছেন এই তারকা স্ট্রাইকার। ফ্রান্সের বিপক্ষে শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, ফলে নকআউটে পুরোপুরি সতেজ অবস্থায় মাঠে নামবেন তিনি। মাঝমাঠে মার্টিন ওডেগার্ডের সৃজনশীলতা এবং হলান্ডের ফিনিশিং নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র।

অন্যদিকে, আইভরি কোস্টের আক্রমণের মূল ভরসা নিকোলাস পেপে। গ্রুপ পর্বে ইতোমধ্যেই দুটি গোল করেছেন তিনি। পাশাপাশি নজর থাকবে ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিওমান্দের দিকেও। আরবি লাইপজিগে খেলা এই তরুণ এবারের বিশ্বকাপে গতি, ড্রিবলিং ও সৃজনশীলতায় নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে আইভরি কোস্টের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি।

আন্তর্জাতিক ফুটবলে এই দুই দল আগে কখনো একে অপরের মুখোমুখি হয়নি। ফলে ডালাসের ম্যাচটি হবে নরওয়ে ও আইভরি কোস্টের প্রথম লড়াই। তবে পরিসংখ্যান ও পূর্বাভাসেও কিছুটা এগিয়ে নরওয়ে।

অপ্টার সুপারকম্পিউটারের সর্বশেষ সিমুলেশন অনুযায়ী, নরওয়ের জয়ের সম্ভাবনা ৫৬ দশমিক ১ শতাংশ। আইভরি কোস্টের জয়ের সম্ভাবনা ২১ দশমিক ৬ শতাংশ, আর ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২২ দশমিক ৩ শতাংশ।

তবে নকআউটের ফুটবলে পরিসংখ্যান সবসময় শেষ কথা বলে না। জার্মানির বিদায় কিংবা ব্রাজিলের নাটকীয় প্রত্যাবর্তনের পর এবারের বিশ্বকাপে চমকের অভাব নেই। তাই ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ নির্ধারণের এই ম্যাচেও নতুন কোনো অঘটন ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আইভরি কোস্ট সম্ভাব্য একাদশ: ফোফানা (গোলরক্ষক); দুয়ে, কোসোনু, ও. দিওমান্দে, কোনান; সাঙ্গারে; দিয়ালো, কেসি, উলাই, ই. দিওমান্দে; পেঁপে। 

নরওয়ে সম্ভাব্য একাদশ: নাইল্যান্ড (গোলরক্ষক); পেডারসেন, আয়ের, হেগেম, মোলার উলফে; ওডেগার্ড, বার্গ, আউর্সনেস; সরলথ, হলান্ড ও নুসা।

উল্লেখ্য, শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে আইভরি কোস্ট বনাম নরওয়ে ম্যাচের জয়ী দল। আগামী ‍৬ জুলাই রাত ২টায় নিউইয়র্কের নিউ-জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যা…
  • ৩০ জুন ২০২৬
বছরে গড়ে ৪০ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বিশ্বের ৬৮ শতাং…
  • ৩০ জুন ২০২৬
বিএনপি নেতাকে অতিথি না করায় স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকের বি…
  • ৩০ জুন ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৯ জুলা…
  • ৩০ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের…
  • ৩০ জুন ২০২৬
প্রধান শিক্ষকের কক্ষে সাবেক স্ত্রীর অনশন, বিক্ষোভের মুখে পদ…
  • ৩০ জুন ২০২৬