জার্মানি-প্যারাগুয়ে ম্যাচ © সংগৃহীত
বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দিল লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ও ফিফা র্যাঞকিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা পরাশক্তি জার্মানিকে টাইব্রেকারে টুর্নামেন্ট থেকে ছিটকে দিলো তারা। পুরো ম্যাচজুড়ে নিজেদের হারিয়ে খোঁজা জার্মানিকে রাউন্ড অব ৩২-এর এই স্নায়ুযুদ্ধে হারিয়ে টুর্নামেন্টের পরবর্তী ধাপে পা রাখল প্যারাগুয়ে।
নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই একটি করে গোল করে। প্রথমার্ধে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে জার্মানি। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোনো দল জালের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। চলতি বিশ্বকাপের নকআউটের তৃতীয় ম্যাচ ছিল এটি, যার ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে।
টাইব্রেকারে শুরুতেই বড় ধাক্কা খায় জার্মানি। কাই হাভার্টজের জোরালো শট বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে ফিরিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। এরপর মাউরিসিও নিখুঁত শটে প্যারাগুয়েকে এগিয়ে দেন, যেখানে ম্যানুয়েল নয়ার ছিলেন অসহায়।
জার্মানির হয়ে দ্বিতীয় শটে জোশুয়া কিমিখ গোল করলেও প্যারাগুয়ের হয়ে গুস্তাভো গোমেজ ব্যবধান ধরে রাখেন। তৃতীয় শটে সফল হন জামাল মুসিয়ালা, আর জবাবে লক্ষ্যভেদ করেন মাতিয়াস গালারজা।
চতুর্থ শটে আবারও নায়ক হয়ে ওঠেন গিল। নিকো ওল্টেমাডের নিচু শট দারুণভাবে ঠেকিয়ে দেন তিনি। তবে পরের শটে অ্যান্তোনিও সানাব্রিয়া পোস্টের বাইরে মারলে জার্মানির সামনে ফিরে আসার সুযোগ তৈরি হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে নাদিয়েম আমিরি গোল করেন।
এরপর নিজের অভিজ্ঞতার প্রমাণ দেন নয়ার। ফাবিয়ান বালবুয়েনার শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে জার্মানিকে ম্যাচে টিকিয়ে রাখেন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়োনাথান টাহ। তার শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে আবারও এগিয়ে যায় প্যারাগুয়ে।
দুইবার জয়ের সুযোগ হাতছাড়া করার পর আর ভুল করেনি প্যারাগুয়ে। শেষ শটে জাল কাঁপিয়ে টাইব্রেকারের রুদ্ধশ্বাস লড়াই জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি।
এই ঐতিহাসিক জয়ের পর আগামী ৪ জুলাই ফিলাডেলফিয়ায় রাউন্ড অব ১৬-এর লড়াইয়ে ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে লাতিন আমেরিকার এই লড়াকু দলটি, যেখানে জয়ী দল টিকিট পাবে কোয়ার্টার ফাইনালের। আর দীর্ঘ ১২ বছর পর নকআউটে ফিরেই এমন স্তব্ধ করে দেওয়া হারে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো জুলিয়ান নাগেলসম্যানের জার্মানিকে।