নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

২৯ জুন ২০২৬, ০৯:৪২ PM
কেন্তো শিওগাই

কেন্তো শিওগাই © সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে এক মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন জাপানের তরুণ ফরোয়ার্ড কেন্তো শিওগাই। নেইমারকে নিয়ে তার সেই বক্তব্য ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তবে বিতর্কের আড়ালে চাপা পড়ে যাচ্ছে জাপানি ফুটবলের এই উদীয়মান তারকার অনুপ্রেরণাময় যাত্রার গল্প।

মাত্র ২১ বছর বয়সেই জার্মান ক্লাব ভলফসবুর্গে জায়গা করে নিয়েছেন শিওগাই। চলতি বছর জাপান জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকেই গতি, শারীরিক সক্ষমতা ও আক্রমণভাগে কার্যকর পারফরম্যান্স দিয়ে কোচ হাজিমে মোরিয়াসুর আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি।

তবে তার উত্থানের পথটা ছিল ভিন্ন। ২০০৫ সালে জন্ম নেওয়া শিওগাই জাপানের অনেক ফুটবলারের মতো বয়সভিত্তিক দল পেরিয়ে সরাসরি পেশাদার ফুটবলে আসেননি। উচ্চমাধ্যমিক শেষ করে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কেইও বিশ্ববিদ্যালয়ের হয়ে ১০ নম্বর জার্সি পরে ধারাবাহিক পারফরম্যান্সই তার ভাগ্য বদলে দেয়।

বিশ্ববিদ্যালয়ে খেলার সময়ই নজরে পড়েন জাপানের ঐতিহ্যবাহী ক্লাব ইয়োকোহামা এফ. মারিনোসের। এরপর পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সেখানেই স্বাক্ষর করেন নিজের প্রথম পেশাদার চুক্তিতে।

পেশাদার ক্যারিয়ারেও দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করেন শিওগাই। জে-লিগে অভিষেকের তিন মাসের মধ্যেই প্রথম গোল করেন। পরে নেদারল্যান্ডসের এনইসি নাইমেখেনে যোগ দিয়ে ইউরোপীয় ফুটবলে পা রাখেন। দেড় বছরেরও কম সময়ের মধ্যে চলতি বছরের জানুয়ারিতে জার্মান ক্লাব ভলফসবুর্গে নাম লেখান তিনি।

শিওগাইয়ের সবচেয়ে বড় অস্ত্র তার দুর্দান্ত গতি। অনুশীলনে ঘণ্টায় ৩৬.২ কিলোমিটার গতিতে দৌড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ফরোয়ার্ড। আরও গতিময় হতে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের দৌড়ানোর কৌশলও অধ্যয়ন করেছেন তিনি।

এই গতি, শক্তি ও ড্রিবলিং দক্ষতার কারণেই জাতীয় দলের কোচ মোরিয়াসুর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন শিওগাই। মার্চে জাতীয় দলে অভিষেকের ম্যাচেই জয়সূচক গোলে অ্যাসিস্ট করে নজর কেড়েছিলেন তিনি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মূলত বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও ম্যাচের গতি বদলে দেওয়ার সক্ষমতার জন্য তাকে দলের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করছেন কোচ।

ব্রাজিলের বিপক্ষে নকআউট ম্যাচের আগে অনুশীলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমারকে নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জাপানের এই তরুণ ফরোয়ার্ড। তিনি বলেন, ‘এটা তো আগের নেইমার ছিল, তাই না? আমার মনে হয় এখন আমরা ভালো অবস্থায় আছি।’ 

নেইমারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেও ব্রাজিলের শক্তিমত্তা নিয়ে কোনো সন্দেহ নেই তাঁর, ‘ব্রাজিল এখনো শক্তিশালী দল। আমরা যদি তাদের হারাতে পারি, তাহলে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে।’

ইবতেদায়ী শিক্ষার মানোন্নয়নে সরকারের করণীয়
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জা…
  • ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুর…
  • ২৬ আগস্ট ২০২৬