আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি

২৫ জুন ২০২৬, ০৮:৪৪ AM
রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাচ

রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাচ © টিডিসি ফটো

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটির জন্য রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। বহুল আলোচিত ও বিতর্কিত রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাচকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ম্যাচ পরিচালনার জন্য। সাম্প্রতিক সময়ে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনায় ছিলেন তিনি।

আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয় তুলে নিয়ে এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য নিয়মরক্ষার হলেও, ম্যাচের রেফারি নির্বাচনের বিষয়টি ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

৪১ বছর বয়সী কোভাচ চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত জাপান-তিউনিসিয়া ম্যাচ পরিচালনা করেছেন। ম্যাচটি ছিল ফিফা বিশ্বকাপ ইতিহাসের ১ হাজারতম ম্যাচ। সেই ম্যাচে জাপান ৪-০ গোলে হারিয়েছিল তিউনিসিয়াকে।

আর্জেন্টিনার কোনো ম্যাচে এবারই প্রথমবারের মতো বাঁশি বাজাবেন কোভাচ।

সম্প্রতি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মধ্যকার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচ পরিচালনা করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই রেফারি। ম্যাচে তার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল কাতালান ক্লাবটি।

বার্সেলোনার অভিযোগ ছিল দুটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। একটি ছিল পেনাল্টি বক্সে পাবিলের হ্যান্ডবলের ঘটনা উপেক্ষা করা এবং অন্যটি ছিল পাও কুবারসিকে লাল কার্ড দেখানো। শুরুতে কুবারসিকে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের পরামর্শে সিদ্ধান্ত পরিবর্তন করে সরাসরি লাল কার্ড দেখান কোভাচ।

সেই ম্যাচে ২-০ গোলে পরাজিত হয় বার্সেলোনা। ম্যাচ শেষে কোভাচের বিরুদ্ধে ইউয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানায় স্প্যানিশ ক্লাবটি। অভিযোগের পর থেকে চ্যাম্পিয়নস লিগে আর কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি তিনি।

তবে বিতর্কের পাশাপাশি ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবেও পরিচিত কোভাচ। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে দীর্ঘ সময় ধরে শীর্ষ পর্যায়ে ম্যাচ পরিচালনা করে আসছেন তিনি। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩২১টি ম্যাচ পরিচালনা করেছেন। এসব ম্যাচে তিনি দেখিয়েছেন ১ হাজার ৭৩৯টি হলুদ কার্ড এবং ৫৫টি লাল কার্ড।

চ্যাম্পিয়নস লিগে ৩৭টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের ফাইনাল। এছাড়া ২০২১-২২ মৌসুমের কনফারেন্স লিগ এবং ২০২৩-২৪ মৌসুমের ইউরোপা লিগের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম দায়িত্ব পেয়েছেন কোভাচ।

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে তাকে সহায়তা করবেন তারই স্বদেশি সহকারী রেফারি মিহাই মারিকা ও ফেরেঞ্চ তুনইয়োগি। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন মৌরিতানিয়ার দাহানে বেইদা। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন অ্যাঙ্গোলার জেরসন সান্তোস।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬