মেসির নাম শুনেই বিরক্ত রোনালদো

২৪ জুন ২০২৬, ১১:২১ AM
রোনালদো

রোনালদো © সংগৃহীত

উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ে জোড়া গোল করে ম্যাচের অন্যতম নায়ক ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একপর্যায়ে কিছুটা বিরক্তই দেখা গেল পর্তুগাল অধিনায়ককে। লিওনেল মেসির নাম টেনে করা এক প্রশ্ন মাঝপথেই থামিয়ে দেন তিনি।

হিউস্টনের মিক্সড জোনে টিএনটি স্পোর্টসের এক সাংবাদিক রোনালদোর সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গ তুলতে গিয়ে বলেন, ‘গতকাল লিওনেল মেসি দুটি গোল করেছে, এমবাপ্পে, হলান্ড...’। এরপরই সাংবাদিককে থামিয়ে দিয়ে রোনালদো বলেন, ‘এগিয়ে যাও, এগিয়ে যাও, অন্য প্রশ্ন করো...।’

রোনালদোর প্রতিক্রিয়ায় স্পষ্টই বোঝা যায়, ব্যক্তিগত তুলনার চেয়ে নিজের এবং দলের পারফরম্যান্স নিয়েই কথা বলতে বেশি আগ্রহী তিনি। যদিও পরে একই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘আমি সবসময়ই আসি। আগে হোক বা পরে, আমি ঠিকই সেখানে থাকি। তাই, আমার কাজ চালিয়ে যাওয়াই মূল বিষয়। আমি যা করি তার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যারা পরিশ্রম করে, ঈশ্বর তাদের সাহায্য করেন। আমার পুরো ক্যারিয়ারটাই এমন ছিল, কোনো কিছুই এটি পরিবর্তন করতে পারত না।’

এর আগে সম্ভাব্য আর্জেন্টিনা-পর্তুগাল ফাইনাল নিয়ে প্রশ্ন করা হলেও সেটিকে খুব একটা গুরুত্ব দেননি রোনালদো। মেসির বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কী উত্তর দেব তা আমি জানি না, কারণ এই প্রশ্নটার কোনো... তেমন একটা অর্থ হয় না, তবে ঠিক আছে। এহ... এটা... এটা (ফাইনাল) চমৎকার হবে। কিন্তু আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জেতা, যাতে গ্রুপ পর্ব পার হয়ে সামনের ম্যাচগুলোর জন্য প্রস্তুত হওয়া যায়।’

রোনালদো আরও বলেন, ‘আমরা জানি কলম্বিয়ার বিরুদ্ধে আমাদের একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে, কিন্তু প্রধান লক্ষ্য ছিল গ্রুপ পর্ব পার হওয়া এবং আমরা তা অর্জন করেছি। আমি ভালো খেলেছি, গোল করেছি, দলকে সাহায্য করেছি। দল খুব ভালো খেলেছে এবং আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ।’

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে রোনালদো বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেছেন। একই সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন তিনি। তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলীয় সাফল্যেই যে তাঁর মনোযোগ বেশি, ম্যাচ-পরবর্তী কথাবার্তায় সেটিই স্পষ্ট করে দিলেন পর্তুগিজ মহাতারকা।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬