‘রোনালদোকে পাস দিতে বাধ্য নই…’

২২ জুন ২০২৬, ১২:১৯ PM
 রোনালদো

রোনালদো © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শুরুতেই মাঠের ও মাঠের বাইরের নানা ঘটনায় পর্তুগাল শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে। প্রথম ম্যাচেই তারা কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। সেই ম্যাচে একাধিক সহজ সুযোগ নষ্ট করায় অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এখন তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এর মাঝেই তরুণ ফুটবলার জোয়াও নেবেস মন্তব্য করেন যে রোনালদো দলের অন্যদের মতোই একজন সাধারণ খেলোয়াড়। এবার সেই বিতর্কের আগুন আরও বাড়িয়ে দিলেন আরেক তরুণ উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মাঠে রোনালদোকে বল বাড়িয়ে দিতে দলের কোনো খেলোয়াড়ই বাধ্য নন।

প্রথম ম্যাচে পর্তুগালের এমন খারাপ পারফরম্যান্সের পর অনেকে প্রশ্ন তুলছেন। ৪১ বছর বয়সী রোনালদোর জন্যই কি দল ভুগছে, সেই আলোচনা এখন চারদিকে চলছে। এর পাশাপাশি বড় তারকা হওয়ার কারণে কোচ তাকে পুরো ম্যাচ খেলাতে বাধ্য হচ্ছেন কি না, সেই জল্পনাও বেড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সংবাদ সম্মেলনে এসে নিজেদের অবস্থান পরিষ্কার করেন ফ্রান্সিসকো কনসেইসাও। তিনি বলেন, ‘রোনালদোকে পাস দিতে বাধ্য নয় কোনও ফুটবলার। ওঁকে বল বাড়ানোর জন্য আলাদা কোনও চাপ নেই। যে প্লেয়ার ফাঁকায় ও মাঠে ভালো পজ়িশনে থাকে, তাকেই পাস বাড়াই আমি।’ কনসেইসাওয়ের এমন মন্তব্যের পর ফুটবল মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই ভাবছেন তবে কি পর্তুগাল দলে রোনালদোর গুরুত্ব কমছে?

কনসেইসাও তাঁর কথায় স্পষ্ট করেন যে পর্তুগাল দলে রোনালদো একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেও তিনি অন্যদের চেয়ে আলাদা কিছু নন। রোনালদোকে সাধারণ খেলোয়াড় হিসেবে মূল্যায়ন করে তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো আমাদের স্কোয়াডেরই একজন সদস্য। দলের সাফল্যের জন্য প্রত্যেক প্লেয়ারের অবদান গুরুত্বপূর্ণ। ৪১ বছর বয়সেও যে ভাবে গোলের খিদে রয়েছে তাঁর, তা অবশ্যই প্রশংসনীয়। স্কোয়াডের অন্য ফুটবলারদের মতোই দলকে সাহায্য করার জন্যই আছেন উনি।’

প্রথম ম্যাচে পর্তুগিজ ফুটবলাররা নিজেদের সেরাটা দিতে পারেননি। কনসেইসাও সেই ব্যর্থতার কথা অকপটে মেনে নিয়েছেন। তিনি জানান যে কঙ্গোর সাথে খারাপ ফলের কারণে দলের ওপর এখন তীব্র সমালোচনা ও মানসিক চাপ বেড়েছে। তবে দল এই চাপ কাটিয়ে পরের ম্যাচেই জয়ে ফিরতে মরিয়া হয়ে আছে।

আগামী মঙ্গলবার হিউস্টনে উজবেকিস্তানের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। এবারের বিশ্বকাপে তাদের টিকে থাকার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের ওপর। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই অধিনায়ক রোনালদোকে নিয়ে সতীর্থদের এমন মন্তব্য দলের ভেতরের ফাটলকে পুরোপুরি প্রকাশ করে দিয়েছে।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950