কাল মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

০৭ জুন ২০২৬, ০১:০৬ AM
 নেইমার ও মোহাম্মদ সালাহ

নেইমার ও মোহাম্মদ সালাহ © টিডিসি ফটো

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে আগামীকাল মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পানামার বিপক্ষে ৬-১ গোলের দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসী সেলেসাওরা এবার মুখোমুখি হবে আফ্রিকার শক্তিশালী দল মিশরের সঙ্গে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭টায় ক্লিভল্যান্ড ব্রাউনস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তবে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সোমবার ভোর ৪টায়।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে TV Globo, SporTV এবং ge tv, সনি লিভ। অনলাইনে দর্শকরা ইএসপিএন প্লাসের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন। এছাড়া স্মার্টফোন ব্যবহারকারীরা ফেসবুকের সার্চ অপশনে ‘Brazil Vs Egypt live match’ লিখে বিভিন্ন লাইভ স্ট্রিমিং খুঁজে পেতে পারেন। জনপ্রিয় ফুটবল অ্যাপ Sportzfy-তেও ম্যাচটি দেখার সুযোগ থাকবে।

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের আগে নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাইয়ের অংশ হিসেবেই এই ম্যাচকে দেখছে ব্রাজিল। তবে দলটির সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ হলো, এই ম্যাচে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

চোটের কারণে ক্লিভল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারেননি নেইমার। জানা গেছে, সোমবার (৮ জুন) তার একটি গুরুত্বপূর্ণ এমআরআই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সেই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে তিনি কবে অনুশীলনে ফিরতে পারবেন।

তবে নেইমারের অনুপস্থিতিকে সমস্যা হিসেবে না দেখে সুযোগ হিসেবে বিবেচনা করছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, এই ম্যাচটি নতুন এবং উদীয়মান ফুটবলারদের সামর্থ্য যাচাইয়ের আদর্শ মঞ্চ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছেন, মাঝমাঠে নতুন মাত্রা যোগ করতে লুকাস পাকেতাকে এবং আক্রমণভাগে ইগর থিয়াগোকে শুরু থেকেই খেলানোর পরিকল্পনা রয়েছে। কোচের বিশ্বাস, পাকেতার সৃজনশীলতা ও বল নিয়ন্ত্রণের দক্ষতা দলের কৌশলে নতুন বৈচিত্র্য আনবে।

অন্যদিকে, দীর্ঘ ও ক্লান্তিকর চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম শেষ করায় বিশ্রামে রাখা হচ্ছে রক্ষণভাগের অন্যতম ভরসা গ্যাব্রিয়েল মাঘালহায়েসকে। ফলে রক্ষণভাগেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে।

আগামীকালের ম্যাচে ব্রাজিল তাদের পরিচিত ৪-৩-৩ ফরমেশনে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও কোচ এখনো চূড়ান্ত একাদশ ঘোষণা করেননি, তবুও সম্ভাব্য দলে গোলবারের নিচে দেখা যেতে পারে অ্যালিসন বেকারকে। দ্বিতীয়ার্ধে সুযোগ পেতে পারেন ওয়েভারটন।

রক্ষণভাগে থাকতে পারেন ডগলাস সান্তোস, লিও পেরেরা, মার্কুইনহোস ও ওয়েসলি। মাঝমাঠে দায়িত্ব পালন করতে পারেন ক্যাসেমিরো, লুকাস পাকেতা এবং ব্রুনো গুইমারায়েস। আর আক্রমণভাগে দেখা যেতে পারে ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়াকে।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের ছন্দ, সমন্বয় ও কৌশলগত প্রস্তুতি যাচাইয়ের জন্য মিশরের বিপক্ষে এই ম্যাচকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে ব্রাজিল শিবির। ফলে ভোরের এই লড়াইয়ে দর্শকদের জন্য থাকছে জমজমাট এক ফুটবল দ্বৈরথের প্রতিশ্রুতি।

কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬