আর্জেন্টিনা দল © সংগৃহীত
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোই মূল টুর্নামেন্ট শুরুর আগে দলটির চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের আগে লিওনেল স্কালোনির দল নিজেদের প্রস্তুত করতে মুখোমুখি হবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে।
প্রথম ম্যাচে আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, যা বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে।
দ্বিতীয় প্রীতি ম্যাচে ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ইউরোপীয় দল আইসল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচটি বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়দের বিশ্রাম, রিকভারি এবং কৌশলগত পরিকল্পনার জন্য কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্ট চলাকালীন অনুশীলনের জন্য স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবেন মেসিরা।
সব প্রস্তুতি শেষে আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে আনুষ্ঠানিকভাবে নামবে আর্জেন্টিনা, যেখানে শুরু হবে শিরোপা ধরে রাখার লড়াই।
এর আগে, বৃহস্পতিবার (২৮ মে) ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে আর্জেন্টিনা। এবারও স্কোয়াডে জায়গা পেয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ফুটবলেরমহাতারকা লিওনেল মেসি। এছাড়া দলে রয়েছে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো তারকারা।