অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা

২৭ মে ২০২৬, ০৭:৫৪ AM
মেসির বিশ্বকাপ উদযাপন

মেসির বিশ্বকাপ উদযাপন © সংগৃহীত

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে শুধু শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জই নয় বরং ইতিহাস গড়ার সুযোগও অপেক্ষা করছে। কাতার বিশ্বকাপ জয়ের পর এবার টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দেশ টানা দুইবার বিশ্বকাপ জিততে পেরেছে। সেই বিশেষ ক্লাবে নাম লেখাতেই এবার লড়বে ‘লা স্কালোনেতা’।

বিশ্বকাপের ইতিহাসে ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে শুধু ইতালি ও ব্রাজিল। এরপর বহু শক্তিশালী দল চেষ্টা করলেও কেউ আর সেই সাফল্য ছুঁতে পারেনি। এবার সেই অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

বিরল এক কীর্তির সামনে আর্জেন্টিনা

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কেবল ইতালি ও ব্রাজিলই টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে। ১৯৩৪ ও ১৯৩৮ সালে প্রথম দল হিসেবে এই ইতিহাস তৈরি করে ইতালি। কোচ ভিত্তোরিও পোজ্জোর অধীনে গড়া সেই দল এখনও বিশ্ব ফুটবলে বিশেষ মর্যাদা নিয়ে স্মরণ করা হয়।

জিউসেপ্পে মিয়াজ্জা ও সিলভিও পিওলার মতো কিংবদন্তিদের হাত ধরে ইতালি বিশ্ব ফুটবলের প্রথম পরাশক্তিতে পরিণত হয়েছিল। রাজনৈতিক অস্থির সময়েও মাঠের খেলায় নিজেদের আধিপত্য ধরে রেখেছিল আজ্জুরিরা।

এরপর বিশ্ব ফুটবলে নতুন যুগের সূচনা করে ব্রাজিল। ১৯৫৮ সালে সুইডেন এবং ১৯৬২ সালে চিলিতে টানা দুই বিশ্বকাপ জিতে সেলেসাওরা নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যায়। পেলে, গারিঞ্চাদের সেই দলকে প্রায় অপ্রতিরোধ্য মনে করা হতো।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, ১৯৬২ সালের পর আর কোনো বর্তমান চ্যাম্পিয়ন দল বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি। দীর্ঘ ৬০ বছরের বেশি সময় ধরে এই রেকর্ড অক্ষত রয়েছে।

ব্যর্থতার ইতিহাসও কম নয়

বিশ্বকাপ জয়ের পর শিরোপা ধরে রাখতে গিয়ে ব্যর্থ হয়েছে জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা এমনকি ব্রাজিলও। ফুটবল ইতিহাসে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া যতটা কঠিন, সেই সাফল্য ধরে রাখা যেন আরও বেশি কঠিন।

এই কষ্ট খুব কাছ থেকে দেখেছে আর্জেন্টিনাও। ১৯৮৬ সালে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর ১৯৯০ সালেও ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে যায় জার্মানির কাছে হেরে।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সও খুব কাছে গিয়েছিল এই কীর্তির। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে কাতারেও ফাইনালে উঠেছিল তারা। কিন্তু ইতিহাসের অন্যতম নাটকীয় এক ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায় ফরাসিরা।

মেসিদের সামনে নতুন স্বপ্ন

স্কালোনির বর্তমান দলে এখনও চ্যাম্পিয়ন স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড় রয়েছেন। বড় ম্যাচে খেলার অভিজ্ঞতা, শক্তিশালী দলীয় সমন্বয় এবং সাম্প্রতিক সফলতা আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

২০২৪ কোপা আমেরিকা জয়ের পর দলটি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। লিওনেল মেসির নেতৃত্ব, এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের দৃঢ়তা, রদ্রিগো ডি পলের লড়াকু মানসিকতা, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও এনসো ফার্নান্দেজদের পারফরম্যান্স নতুন করে স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের।

সবকিছু মিলিয়ে এবার আর্জেন্টিনার সামনে সুযোগ ইতিহাস গড়ার। এখন দেখার বিষয়, ছয় দশকের অপেক্ষা শেষ করে বিশ্ব ফুটবলের তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে কি না ‘লা স্কালোনেতা’।

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬