লিওনেল মেসি © টিডিসি ফটো
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মাঠের বাইরের কর্মীদের জন্য এমন এক উদার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা সবাইকে বিস্মিত করে দিয়েছিল। দলের শিরোপা জয়ের পরপরই এএফএ ট্রেনিং সেন্টারের সব কর্মীর মধ্যে সমানভাবে পুরস্কারের অর্থ ভাগ করে দেন তিনি। বিষয়টি আবারও আলোচনায় এসেছে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে।
আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফিজিক্যাল ট্রেইনার জেরার্দো সালোরিও জানিয়েছেন, কাতার বিশ্বকাপ জয়ের পর মেসি কোনো ভেদাভেদ না রেখে ট্রেনিং সেন্টারের প্রতিটি কর্মীকে সমান অংশ দেন। সেখানে পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রান্নাঘরের কর্মী—সবাই একইভাবে সেই অর্থ পান।
তিনি রেডিও লা রেডের এমপি৯১০ অনুষ্ঠানে বলেন, ‘সে সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছে। ঠিক একইভাবে—যে পরিষ্কার করে, যে রান্না করে… সবাইকে।’ সালোরিও আরও বলেন, ‘লিও আরও অনেক কিছু করেছে, যা আমরা প্রকাশ্যে জানি না।’
২০২২ সালের ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। সেই সাফল্যের পর ফিফা প্রায় ৪২ মিলিয়ন ইউরো এবং কনমেবল থেকে আরও প্রায় ১ কোটি ডলার পুরস্কার দেয় দলকে। জানা যায়, এই অর্থ থেকেই খেলোয়াড় ও স্টাফদের মধ্যে বণ্টন করা হয়।
সালোরিওর মতে, এমন উদারতা মেসির জন্য নতুন কিছু নয়। তার ভাষায়, ‘তারা অনেক কিছুই করেছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু সেগুলো প্রকাশ্যে আসে না।’
মেসির এই আচরণের গল্প ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা তৈরি হয়েছে। ভক্তদের মতে, মাঠের বাইরে এমন মানবিক সিদ্ধান্তই মেসিকে অন্যদের থেকে আলাদা করে এবং আর্জেন্টিনা দলের সঙ্গে তার সম্পর্ককে আরও গভীর করে।
এদিকে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। এর আগে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে—৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নামবে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির দল থাকবে গ্রুপ ‘জে’-তে। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
দল ঘোষণার বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফিফার নিয়ম অনুযায়ী ৫৫ জনের প্রাথমিক তালিকা থেকে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করতে হবে ৩০ মে’র মধ্যে।