১০ বছরের চেনা-পরিচিত ডাগ আউট ছেড়ে যাচ্ছেন পেপ গার্দিওলা © টিডিসি সম্পাদিত
ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি তাদের কিংবদন্তি কোচ পেপ গার্দিওলার বিদায়ের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। রবিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের মৌসুমের শেষ ম্যাচটির পর সিটি ম্যানেজার ইতিহাদ স্টেডিয়াম ছাড়বেন বলে জোরালো গুঞ্জন তৈরি হয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিবিসি স্পোর্ট জানিয়েছে, মৌসুম শেষেই ৫৫ বছর বয়সি এই স্প্যানিশ কোচের ম্যানচেস্টার ছাড়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত।
যদিও ম্যানচেস্টার সিটি আনুষ্ঠানিকভাবে দাবি করছে যে, গার্দিওলার চুক্তির মেয়াদ আগামী মৌসুম পর্যন্ত রয়েছে এবং তিনি ক্লাবেই থাকবেন বলে তারা আশাবাদী। তবে পর্দার আড়ালে ক্লাবের কর্মকর্তা, কর্মচারী ও ফুটবলারদের মধ্যে এটি স্পষ্ট যে, ভিলার বিপক্ষেই তিনি শেষবারের মতো সিটির ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন।
১০ বছর ধরে ক্লাবকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই কোচের বিদায়কে স্মরণীয় করে রাখতে ইতিহাদ স্টেডিয়ামের সদ্য সম্প্রসারিত ‘নর্থ স্ট্যান্ড’ বা উত্তর গ্যালারিটি তাঁর নামে (পেপ গার্দিওলা নর্থ স্ট্যান্ড) নামকরণ করার পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরি বা নতুন কোচ হিসেবে চেলসির সাবেক ম্যানেজার এনজো মারেস্কার নাম সবচেয়ে এগিয়ে রয়েছে, যিনি এর আগে সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছিলেন।
ম্যানচেস্টার সিটির ইতিহাসে সর্বকালের সেরা এই ম্যানেজার তাঁর ১০ বছরের মেয়াদে ক্লাবকে মোট ২০টি ট্রফি জিতিয়েছেন, যার মধ্যে ১৭টি প্রধান শিরোপা। এর মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি এফএ কাপ এবং ৫টি ইএফএল কাপ। চলতি মৌসুমে ইতোমধ্যেই এফএ কাপ ও কারাবাও কাপ জেতা গার্দিওলার সামনে সুযোগ রয়েছে অ্যাস্টন ভিলাকে হারিয়ে সিটির হয়ে সপ্তম প্রিমিয়ার লিগ শিরোপা উঁচিয়ে ধরার।
দীর্ঘদিন ধরে নিজের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চললেও গার্দিওলা নিজে অবশ্য প্রকাশ্যে ক্লাব ছাড়ার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন। গত শুক্রবার এবং সোমবারের সংবাদ সম্মেলনেও চুক্তির আরও এক বছর বাকি থাকার কথা মনে করিয়ে দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এখানেই আছি, ক্লাবের সাথে আমার চুক্তি রয়েছে’।
স্টেডিয়ামের গ্যালারি তাঁর নামে নামকরণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে বলেন, ‘না, না, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। সত্যি বলতে, তাদের এমন কিছুই করার প্রয়োজন নেই”। তবে গার্দিওলা মুখে চুক্তির কথা বললেও ক্লাবের অভ্যন্তরীণ প্রস্তুতি এবং ফুটবলারদের মনোভাব ইঙ্গিত দিচ্ছে যে, ইতিহাদ স্টেডিয়ামে একটি সোনালি অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে চলেছে।
২০১৬ সালে মাত্র তিন বছরের প্রাথমিক চুক্তিতে ম্যান সিটি শিবিরের হাল ধরেছিলেন গার্দিওলা। তাতে গত মৌসুমেও ট্রফি বিহীন থাকলেও গার্দিওলার পুরো সময়ে প্রিমিয়ার লীগে নিজেদের একক আধিপত্য দেখিয়েছে ম্যান সিটি। ২০২২-২৩ মৌসুমেও ট্রেবল জয়ের স্বাদ পেয়েছিল স্প্যানিশ এই তারকা কোচের হাত ধরে। এছাড়া ম্যান সিটির ডাগ আউটে থাকাকালীন বেশ কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছেন সিটিকে।