দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাওয়ের বিশ্বকাপের দল ঘোষণা, আছেন ২ সহোদর

১৯ মে ২০২৬, ০১:৫৫ PM
কুরাসাও ফুটবল দল

কুরাসাও ফুটবল দল © টিডিসি ফটো

মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার ছোট দেশ কুরাসাও আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই বৈশ্বিক আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে তারাই সবচেয়ে ছোট জাতি। ঘোষিত এই স্কোয়াডে একই পরিবারের দুই ভাই যেমন জায়গা পেয়েছেন, তেমনি নাগরিকত্ব বদলে দলে যোগ দেওয়া বেশ কয়েকজন তারকা ফুটবলারও ডাক পেয়েছেন।

৪৮ দলের এই বিশ্বকাপে ‘ই’ গ্রুপে লড়বে কুরাসাও। আগামী ১৪ জুন জার্মানি, ২০ জুন ইকুয়েডর এবং ২৫ জুন আইভরি কোস্টের মুখোমুখি হবে তারা। এর আগে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো এবং বারমুডাকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বমঞ্চের টিকিট কাটে দলটি। নিজেদের শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ০-০ গোলে ড্র করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে তারা।

কুরাসাও দলকে নেতৃত্ব দেবেন সাবেক অ্যাস্টন ভিলা মিডফিল্ডার লেন্দ্রো বাকুনা, যিনি বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকেতে খেলছেন। ৩৪ বছর বয়সী এই অধিনায়ক মাঠে পাশে পাবেন তার ছোট ভাই জুনিনহো বাকুনাকে। জুনিনহো এর আগে হাডার্সফিল্ড টাউন, রেঞ্জার্স ও বার্মিংহামের হয়ে খেলেছেন।

দলটির অন্যতম বড় তারকা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক একাডেমি খেলোয়াড় তাহিথ চং। ২৬ বছর বয়সী চং ২০২৫ সালের আগস্টে নেদারল্যান্ডস থেকে নাগরিকত্ব বদলে ‘কুরাসাওয়ের’ বনে যান। দলের হয়ে প্রথম দুই বিশ্বকাপ বাছাই ম্যাচেই দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে নিজের কার্যকারিতা প্রমাণ করেন তিনি। তবে হাঁটুর চোটের কারণে শেষ চার ম্যাচে মাঠে নামা হয়নি তার। ইউনাইটেডের মূল দলের হয়ে ১৬ ম্যাচ খেলা চং ২০২২ সালে ক্লাব ছাড়ার পর বার্মিংহাম সিটি ও লুটন টাউন হয়ে সম্প্রতি শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন। এই মৌসুমে চ্যাম্পিয়নশিপে ২১টি ম্যাচ খেলেছেন তিনি।

আগস্ট ২০২৫ থেকে এখন পর্যন্ত চং ছাড়াও আরও চারজন ফুটবলার কুরাসাওর হয়ে আন্তর্জাতিক আনুগত্য পরিবর্তন করেছেন। তারা হলেন— শুরান্দি সাম্বো, রিশেলদি বাজোয়ের, সোন্টজে হ্যানসেন ও আর্মান্দো ওবিস্পো। এই পাঁচ নবাগতের সবাই বিশ্বকাপের মূল দলে জায়গা করে নিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ ওবিস্পো পিএসভি আইন্দহোভেনের হয়ে চারটি এরেডিভিসি শিরোপা জিতেছেন। এই মৌসুমে টানা তৃতীয়বার শিরোপা জেতার পথে তিনি ২৭টি ম্যাচ খেলার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও আটটির মধ্যে ছয়টি ম্যাচ খেলেছেন। এছাড়া ইউএসএল চ্যাম্পিয়নশিপের ক্লাব মায়ামি এফসি থেকে গোলরক্ষক এলয় রুম ও ফরোয়ার্ড জুর্গেন লোকাদিয়া কুরাসাওর বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।

খেলোয়াড়দের পাশাপাশি কুরাসাওর ডাগআউটেও থাকছে বড় চমক। দলটির ৭৮ বছর বয়সী কোচ ডিক অ্যাডভোকাট হতে যাচ্ছেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ। মেয়ের সেবায় তিন মাস আগে কোচের পদ থেকে সরে দাঁড়ালেও গত সপ্তাহে তিনি আবারও কুরাসাওর দায়িত্ব নেন। অভিজ্ঞ এই মাস্টারমাইন্ড এর আগে ১৯৯৪ সালে নেদারল্যান্ডস এবং ২০০৬ সালে দক্ষিণ কোরিয়া দলকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন।

কুরাসাওর পূর্ণ বিশ্বকাপ দল:

গোলরক্ষক: টাইরিক বোদাক (এসসি টেলস্টার), ট্রেভর ডুর্নবুশ (ভিভিভি-ভেনলো), এলয় রুম (মায়ামি এফসি)।

ডিফেন্ডার: রিশেলদি বাজোয়ের (কোনিয়াস্পোর), জোশুয়া ব্রেনেট (কাইসেরিস্পোর), রোশন ভ্যান এইজমা (আরকেসি ওয়ালওয়াইক), শেরেল ফ্লোরানুস (পিইসি জোভোলে), ডেভেরন ফোনভিল (এনইসি নাইমেখেন), জুরিয়েন গারি (আবহা ক্লাব), আর্মান্দো ওবিস্পো (পিএসভি আইন্দহোভেন), শুরান্দি সাম্বো (স্পার্টা রটার্ডাম)।

মিডফিল্ডার: জুনিনহো বাকুনা (এফসি ভোলেন্দাম), লেন্দ্রো বাকুনা (ইগদির), লিভানো কোমেনেনসিয়া (এফসি জুরিখ), কেভিন ফেলিদা (এফসি ডেন বশ), আর'জানি মার্থা (রোদারহাম ইউনাইটেড), টাইরেস নসলিন (এসসি টেলস্টার), গডফ্রিড রুমেরাতু (আরকেসি ওয়ালওয়াইক)।

ফরোয়ার্ড: জেরেমি অ্যান্টোনিসে (এই কিফিসিয়া), তাহিথ চং (শেফিল্ড ইউনাইটেড), কেনজি গোরে (মাক্কাবি হাইফা), সোন্টজে হ্যানসেন (মিডলসব্রো), গার্ভেন কাস্তানিয়ের (তেরেঙ্গানু এফসি), ব্র্যান্ডলি কুয়াস (এফসি ভোলেন্দাম), জুর্গেন লোকাদিয়া (মায়ামি এফসি), জেয়ার্ল মার্গারিথা (এসকে বেভেরেন)।

মা ও শিশুসন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার
  • ১০ জুন ২০২৬
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
  • ১০ জুন ২০২৬
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
  • ১০ জুন ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  • ১০ জুন ২০২৬
পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি সাজিয়ে নজর কাড়লেন তিন ভাই
  • ০৯ জুন ২০২৬