বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের মানববন্ধন © টিডিসি
সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড.মো. নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, জুলাই–৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এ সময় উপাচার্য বলেন, ‘বিগত ২০ বছর ধরে বাংলাদেশে কোনো বৈধ শাসক ছিল না। এ দেশের জনসাধারণ তাদের অপশাসনে অতিষ্ঠ ছিল। এই দীর্ঘ সময়ে যেমন আইনের শাসন ছিল না, তেমনি মানুষের ভোটাধিকারও ছিল না। পরবর্তী সময়ে ছাত্র-জনতার ঐতিহাসিক এক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়। কিন্তু নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রা এবং আমাদের স্বাধীনভাবে চলার পথকে বিনষ্ট করার জন্য পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’
তিনি আরও বলেন, আপনারা সম্প্রতি খেয়াল করেছেন, দেশের বিভিন্ন স্থানে জেলা-উপজেলা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ বিঘ্নিত করার জন্য তারা পরিকল্পিতভাবে নানা ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচার, ককটেল বিস্ফোরণ ইত্যাদির মাধ্যমে জনগণের মধ্যে ভয়, আতঙ্ক ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, আইনের প্রতি শ্রদ্ধা এবং আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, সেই লক্ষ্যেই আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
উপাচার্য বলেন, ‘আমাদের ইউট্যাব (ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নামে একটি সংগঠন রয়েছে। এখানে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন হিসেবে এটি কাজ করে। বিগত দিনে এই সংগঠনের শিক্ষকরা দীর্ঘদিন জেল-জুলুম ও অত্যাচার সহ্য করেও সারা বছর বিভিন্ন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আজও তারা সোচ্চার রয়েছেন।’
তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকসমাজ আজ একত্রিত হয়েছি। আমরা চাই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকুক। আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা নির্বিঘ্ন হোক। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় থাকুক। এটাই আমাদের লক্ষ্য।’