পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

তিন ডেপুটি রেজিস্ট্রারকে সরাসরি ‘সহকারী অধ্যাপক’ বানাচ্ছে বিশ্ববিদ্যালয়টি, ইউজিসি-হাইকোর্টকে থোড়াই কেয়ার

১১ নভেম্বর ২০২৬, ১২:৫০ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ০২:১১ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন ডেপুটি রেজিস্ট্রারকে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাদের নিয়োগের জন্য যোগ্য বিবেচনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে, ইউজিসির অভিন্ন নীতিমালা উপেক্ষা করে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তবে আদালতের নির্দেশনার পরও নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগের বিষয়টি আলোচনায় এসেছে।

গত ২৬ অক্টোবর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ২০২৬ সালের ২২ জুন ও ১৬ আগস্ট প্রকাশিত পবিপ্রবির সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

ড. মো. শামসুজ্জোহা নামের এক প্রার্থী সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী এ রিট আবেদন করেন। আবেদনে তিনি পবিপ্রবির মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদের একজন প্রার্থী বলে উল্লেখ করেছেন। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ইউজিসি, কমিশনের চেয়ারম্যান, পবিপ্রবি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে।

নিয়োগের যোগ্যতা নিয়ে প্রশ্ন
রিট আবেদনের বিবরণ অনুযায়ী, পবিপ্রবি গত ২২ জুন শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে ১৬ আগস্ট সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগের পাশাপাশি সহকারী অধ্যাপক পদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করা হয়।

রিটকারীর অভিযোগ, নিয়োগের এসব শর্ত ইউজিসির ২০২১ সালে প্রণীত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নে অনুসরণীয় অভিন্ন নীতিমালা’ অনুসরণ করে নির্ধারণ করা হয়নি। বরং সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতা, গবেষণাপত্রের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়েছে, ইউজিসির অভিন্ন নীতিমালা অনুযায়ী কৃষিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি তিন বছরের প্রভাষক হিসেবে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই বছরের এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে অন্তত এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫০ এবং স্বীকৃত জার্নালে অন্তত তিনটি গবেষণাপত্র প্রকাশের শর্ত রয়েছে।

অন্যদিকে, পবিপ্রবির ২২ জুন ও ১৬ আগস্টের নিয়োগ বিজ্ঞপ্তিতে পিএইচডি ডিগ্রিধারীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা ছাড়াই সহকারী অধ্যাপক পদে আবেদনের সুযোগ রাখা হয়েছে বলে রিটে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা এমফিল ডিগ্রির সঙ্গে শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত শিথিল করা হয়েছে। এমনকি দুটি গবেষণাপত্র থাকলেও আবেদনের সুযোগ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫০-এর বাধ্যবাধকতাও উপেক্ষা করা হয়েছে বলে রিটে উল্লেখ রয়েছে।

রিটকারীর দাবি, ইউজিসির নির্ধারিত যোগ্যতার তুলনায় এসব শর্ত শিথিল করার ফলে তুলনামূলক কম অভিজ্ঞতা ও কম গবেষণাপত্র থাকা প্রার্থীরাও সহকারী অধ্যাপক পদে নিয়োগের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এতে অধিক যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।

তিন কর্মকর্তার যোগ্যতা নিয়ে প্রশ্ন
এর আগে পবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার সহকারী অধ্যাপক পদে প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলেও এই তিন কর্মকর্তাকে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য যোগ্য বিবেচনা করা হচ্ছে।

কৃষিতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদে আবেদন করা তিন কর্মকর্তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেনের স্ত্রী ডেপুটি রেজিস্ট্রার জিনাত নাসরিন সুলতানা এবং উপ-উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের ঘনিষ্ঠ ডেপুটি রেজিস্ট্রার রাহাত মাহমুদ ও ডেপুটি রেজিস্ট্রার হাচিব মোহাম্মদ তুষার।

তাদের কয়েকজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্নাতক পর্যায়ের ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ইউজিসির নির্দেশনা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়োগবিধি অনুযায়ী তারা আবেদন করার যোগ্য বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল।

এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, কর্মকর্তা থেকে সহকারী অধ্যাপক হওয়ার কোনো সুযোগ নেই। পবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগের বিষয়টি কমিশনের নজরে এলে ব্যবস্থা নেওয়া হবে।

ইউজিসির নীতিমালা ও সাংবিধানিক অধিকারের প্রশ্ন
রিট আবেদনে বলা হয়েছে, ইউজিসির অভিন্ন নীতিমালা প্রণয়নের উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করা। এ ক্ষেত্রে ইউজিসির আইনগত ক্ষমতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

আবেদনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩-এর ৫(১) ধারার উল্লেখ করে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রয়োজন নিরূপণ এবং এর উন্নয়নে পরিকল্পনা প্রণয়নের ক্ষমতা ইউজিসির রয়েছে। সে অনুযায়ী কমিশনের প্রণীত অভিন্ন নীতিমালা অনুসরণ করে শিক্ষক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে বলে দাবি রিটকারীর।

রিটে আরও অভিযোগ করা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্যতার শর্ত শিথিল করার ফলে কিছু প্রার্থী অধিক অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের তুলনায় অযৌক্তিক সুবিধা পেতে পারেন। এতে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা, সমান প্রতিযোগিতার সুযোগ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

রিটকারীর মতে, এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদে স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী। বিশেষ করে আইনের দৃষ্টিতে সমতা, সরকারি নিয়োগে সমান সুযোগ এবং আইনানুগ আচরণের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

হাইকোর্টের আদেশ ও আইনজীবী যা বলছেন
হাইকোর্টের আদেশে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি রুল জারি করা হয়েছে। রুলের জবাব দিতে বিবাদীদের চার সপ্তাহ সময় দিয়েছেন আদালত। অর্থাৎ, নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের বক্তব্য ও অবস্থান আদালতে উপস্থাপন করতে হবে।

এ ছাড়া রুলের শুনানি ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২২ জুন ও ১৬ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় সহকারী অধ্যাপক পদে নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিক বলেন, ‘পবিপ্রবি প্রশাসন সম্পূর্ণরূপে ইউজিসির নির্দেশিকা অমান্য করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে শিক্ষাগত যোগ্যতা, গবেষণা প্রকাশনা ও শিক্ষকতার অভিজ্ঞতার মতো গুরুত্বপূর্ণ মানদণ্ডের শর্ত শিথিল করা হয়েছে, যা সম্পূর্ণ আইনপরিপন্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসির অভিন্ন নীতিমালা না মানায় সেটিকে চ্যালেঞ্জ করে এ রিট করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হাইকোর্টের এই রুলের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহকারী অধ্যাপক পদে কোনো নিয়োগ দিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের ওপর ইউজিসির নির্দেশনা মানার বাধ্যবাধকতা থাকার পরও তা মানা হচ্ছে না। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের খারাপ উদ্দেশ্য স্পষ্ট। এর আগেও ইউজিসির নীতিমালা উপেক্ষা করায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ স্থগিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য ও অবস্থান নির্ধারিত সময়ের মধ্যে আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হলে স্থগিতাদেশের মেয়াদ আরও তিন মাস থেকে এক বছর পর্যন্ত বাড়তে পারে।’

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950