বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ বরিশাল বিশ্ববিদ্যালয়

১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ PM
 বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আয়োজকরা

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আয়োজকরা © টিডিসি ফটো

বরিশালে তৃতীয় সাউথ জোন প্রোগ্রামিং কনটেস্ট ও আইসিটি ট্যালেন্ট হান্ট ২০২৬-এর ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দল ‘Kuet Potol’। প্রতিযোগিতায় দলটি ২০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন।

শনিবার (১০ অক্টোবর) বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তরুণদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং প্রোগ্রামিং চর্চায় উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্টে প্রথম রানারআপ হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দল ‘BU_Decimal’। দলটি ১৫ হাজার টাকা পুরস্কার পেয়েছে। এর সদস্যরা হলেন আব্দুল্লাহ আল মারুফ, মো. আহসানুল ইসলাম ও অন্তর সরকার। দ্বিতীয় রানারআপ হয়েছে কুয়েটের ‘Team 07’। দলটি পেয়েছে ১০ হাজার টাকা পুরস্কার। এর সদস্যরা হলেন শাহ মাখদুম শরীফ, মনতাসির জয় ও আহমেদ তকী তাহমিন মিলহান।

প্রতিযোগিতার জুনিয়র প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দল ‘Code Error’। দলটি ১০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। এর সদস্যরা হলেন মেহেদী হাসান, মো. নূর লস্কর ও স্বন্দীপ কুমার সরকার।

অন্যদিকে, আইসিটি ট্যালেন্ট হান্ট কুইজ প্রতিযোগিতার তিনটি বিভাগে প্রথম হয়েছে তিন শিক্ষার্থী। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘ক’ বিভাগে প্রথম হয়েছে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের আদিবা হোসেন নুহা। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ‘খ’ বিভাগে প্রথম হয়েছে অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলের ফারহান ইসলাম জারিফ। কলেজ ও ডিপ্লোমা পর্যায়ের ‘গ’ বিভাগে প্রথম হয়েছে সরকারি ব্রজমোহন কলেজের করিমা। তিন বিভাগের চ্যাম্পিয়নদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।

আয়োজকেরা জানান, দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, প্রোগ্রামিং দক্ষতা ও যৌক্তিক চিন্তাশক্তির বিকাশে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল ও শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ, কাশীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় ও কলেজ এবং বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।

সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে প্রোগ্রামিং কনটেস্ট। এরপর বেলা আড়াইটা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয় আইসিটি ট্যালেন্ট হান্ট কুইজ প্রতিযোগিতা। বিকেল ৪টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ইউজিভির উপাচার্য ড. আব্দুল বাকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাবেয়া বেগম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সৈয়দ আলী মোল্লাসহ অন্যরা।

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের রোজা ও ঈদের সম্ভাব্য সময় জানাল মধ্যপ্রাচ্যের এক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের কমিটি নিয়ে কোনো সংবাদ নেই: রিজভী
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬