পবিপ্রবি

‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ

০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ PM
পবিপ্রবি ক্যাম্পাসে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ

পবিপ্রবি ক্যাম্পাসে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের দ্বন্দ্বের জেরে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৭ অক্টোবর) ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ পরে ক্যাম্পাসের প্যারিস রোডে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা গেছে, পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল আহমেদ ফেসবুকে ‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’—এমন একটি নোট শেয়ার করেন। পোস্টটি তাঁর সিনিয়র ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম আহমেদের নজরে এলে তিনি এটিকে ব্যক্তিগত হুমকি হিসেবে নেন বলে অভিযোগ রয়েছে। এর জেরে মঙ্গলবার দিবাগত রাতে শিব্বিলকে ডেকে নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয় বলে অভিযোগ করেন শিব্বিল।

শিব্বিলের অভিযোগ, রাতভর বিষয়টির মীমাংসা না হওয়ায় বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিয়াম তাঁর কক্ষের দিকে গিয়ে লাঠি দিয়ে হামলা ও ভাঙচুর করেন। এ সময় জানালার কাচ ভেঙে কক্ষে থাকা তাঁর ব্যাচমেট আসিফ আহত হন এবং একটি ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়।

শিব্বিল আহমেদ বলেন, ‘আজ ভোর সাড়ে পাঁচটায় কেরামত আলী হলের বি ব্লকের ১০৯ নম্বর কক্ষে ২০২২-২৩ শিক্ষাবর্ষের সিয়াম লাঠি দিয়ে হামলা ও ভাঙচুর করেছেন। জানালার কাচ ভেঙে আমার ব্যাচমেট আসিফ আহত হয়েছেন এবং ল্যাপটপ নষ্ট হয়েছে।’

এ ঘটনার জেরে বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিয়ামের অভিযোগ, তাঁর বন্ধু ইফতিকে প্যারিস রোডে আটকে রেখে তাঁকে ও পলক আহমেদকে সেখানে যেতে বাধ্য করা হয়। সেখানে শিব্বিলসহ শহীদ জিয়াউর রহমান হলের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের ওপর অতর্কিত হামলা করা হয় বলে অভিযোগ করেন সিয়াম।

সিয়াম আহমেদ বলেন, ‘আমার বন্ধু ইফতিকে প্যারিসে আটকে রেখে আমাকে ও পলককে সেখানে যেতে বাধ্য করা হয়। সেখানে শিব্বিলসহ জিয়াউর রহমান হলের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কয়েকজন ছিল। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা আমাদের ওপর অতর্কিত হামলা করে।’

ঘটনার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, ‘আমরা দুই পক্ষের কাছ থেকেই বিষয়টি জেনেছি। খুব দ্রুত তদন্ত কমিটি গঠন করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬
এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে ব্র্যাক, আবেদন ২০ অক্টোবর পর…
  • ০৭ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা, সেই শিক্ষিকার শাস্তির দ…
  • ০৭ অক্টোবর ২০২৬