সব পক্ষকে নিয়ে চুয়েটের অচলাবস্থার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে: চুয়েট উপাচার্য

০১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ PM
চুয়েট উপাচার্য ও লোগো

চুয়েট উপাচার্য ও লোগো © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাম্প্রতিক প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে জোর তৎপরতা শুরু হয়েছে। নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, শিক্ষক প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং চুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের সমন্বিত উদ্যোগে অচলাবস্থা নিরসনের একটি ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, চুয়েটের অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে। প্রশাসনিক ও একাডেমিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে দফায় দফায় ফলপ্রসূ আলোচনা করা হচ্ছে। ইতোমধ্যে শিক্ষকদের একটি বড় অংশ তার সঙ্গে প্রশাসনিক যোগাযোগ স্থাপন করেছেন। একই সঙ্গে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক জটিলতা নিরসনে স্বতঃস্ফূর্তভাবে গঠনমূলক মতামত ও প্রস্তাব দিচ্ছেন।

উপাচার্য বলেন, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি অনলাইনে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে চট্টগ্রাম সার্কিট হাউসকে অস্থায়ী প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি দিকনির্দেশনা এবং স্থানীয় সিভিল ও পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক ও একাডেমিক সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

দীর্ঘ ৫০ বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের এই প্রতিষ্ঠানের স্থবিরতা কাটাতে এগিয়ে এসেছে চুয়েটের ঐতিহ্যবাহী এলামনাই অ্যাসোসিয়েশন। শিক্ষার পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সংগঠনটি শিক্ষক সমিতির সঙ্গে সার্বক্ষণিক আলোচনা ও মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে।

উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, চুয়েটকে একটি সুসংগঠিত পরিবারের মতো বিবেচনা করে সব পক্ষকে নিয়ে একটি সার্বজনীন ও স্থায়ী সমাধানে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন পক্ষের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক ধারায় এগোচ্ছে।

তিনি বলেন, উপাচার্য, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী এবং এলামনাই অ্যাসোসিয়েশনের ত্রিপক্ষীয় উদ্যোগের ফলে দ্রুতই সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সার্বিক উদ্যোগ সফল হলে খুব অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম শীর্ষ এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থবির হয়ে পড়া একাডেমিক কার্যক্রম ও পাঠদান পুনরায় চালু করা সম্ভব হবে।

এদিকে, চুয়েটের সাবেক শিক্ষার্থী ও এলামনাই সদস্য ইঞ্জিনিয়ার মেসবাহ বলেন, তারা সবসময় চুয়েটের শিক্ষার পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং একাডেমিক কার্যক্রমের উপযোগী রাখার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছেন। নতুন উপাচার্য নিয়োগের পর যে অস্থিরতা তৈরি হয়েছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা।

ইঞ্জিনিয়ার মেসবাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘একই সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর কথাও বলেছি। তবে এখন পর্যন্ত শিক্ষকরা আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসেননি।’

তিনি বলেন, ‘তারা আশা করছেন খুব দ্রুতই সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান হবে। একই সঙ্গে চুয়েটের শিক্ষার পরিবেশ আবারও স্বাভাবিক, সুশৃঙ্খল ও একাডেমিকভাবে অনুকূল হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।’

‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬