ছুটি ছাড়াই ৬ মাস কর্মস্থলে নেই জাবিপ্রবি কর্মচারী, চূড়ান্ত নোটিশ দিল কর্তৃপক্ষ © সংগৃহীত
কোনো ধরনের ছুটি ছাড়াই ৬ মাস ধরে কর্মস্থলে উপস্থিত নেই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী। কর্মস্থলে উপস্থিত হবার জন্য এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাকে চূড়ান্ত নোটিশ দিয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিটি জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত নোটিশে বলা হয়েছে, এতদ্দ্বারা জনাব বাবু মিয়া, পিতা- মো. ইয়ার আলী, মাতা- রানু বেগম, গ্রাম-গোবিন্দপুর, ডাকঘর- খালপাড়, উপজেলা- নবাবগঞ্জ, জেলা ঢাকা-কে জানানো যাচ্ছে যে, আপনি অত্র বিশ্ববিদ্যালয়ে গাড়িচালক হিসেবে কর্মরত থাকাবস্থায় গত ১৫-০১-২০২৬ খ্রি. তারিখ হতে অদ্যাবধি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
আপনার অনুপস্থিতির বিষয়ে ইতঃপূর্বে আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানায় একাধিকবার কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হলেও আপনি তার কোন সন্তোষজনক জবাব প্রদান করেননি এবং কর্মস্থলেও উপস্থিত হননি। এ বিষয়ে আপনার সাথে টেলিফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও আপনি কোন সাড়া দেননি।
এমতাবস্থায়, অত্র পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ১০ (দশ) কর্ম দিবসের মধ্যে আপনাকে নিম্নস্বাক্ষরকারী বরাবর সশরীরে উপস্থিত হয়ে আপনার অনুপস্থিতির কারণ লিখিতভাবে প্রদানের জন্য চূড়ান্ত সুযোগ প্রদান করা হলো। অন্যথায়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ আপনাকে চাকুরি হতে চূড়ান্তভাবে বরখাস্ত/অপসারণ করা হবে।