যবিপ্রবিতে ৪ বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বহিরাগত প্রবেশে নিষেধ © টিডিসি ফটো
ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচকে উপভোগ্য করে তুলতে ও শিক্ষার্থীদের যৌথভাবে খেলা দেখার সুযোগ করে দিতে দুই স্থানে ৪টি বড় পর্দার ব্যবস্থা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। তবে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা ভেবে বহিরাগত প্রবেশের কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের খোলা স্থানে দুটি বড় পর্দা স্থাপন করা হয়েছে। পর্দাগুলো এমনভাবে বসানো হয়েছে, যাতে প্রধান ফটকসংলগ্ন সড়ক এবং বিপরীত পাশে অবস্থিত তাপসী রাবেয়া হলসংলগ্ন সড়ক থেকে শিক্ষার্থীরা নির্বিঘ্নে খেলা দেখতে পারেন। এছাড়া কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনের অংশে আরও দুটি বড় পর্দা স্থাপন করা হয়েছে, যেখান থেকে জগদীশ চন্দ্র অ্যাকাডেমিক ভবনসংলগ্ন রাস্তা ও এর আশপাশের স্থান থেকে খেলা উপভোগ করা যাবে।
চলতি মৌসুমে বিরূপ আবহাওয়ার কথা বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামেও খেলা দেখার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলেও ফাইনাল ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
সার্বিক প্রস্তুতির বিষয়ে যবিপ্রবির প্রক্টর ড. মো. হামিদুর রহমান জানান, শিক্ষার্থীদের চাহিদার কথা মাথায় রেখে আজ রাতে উন্মুক্ত স্থানে বড় পর্দায় খেলা দেখানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে জিমনেশিয়ামে ভেন্টিলেশন কম থাকায় পর্যাপ্ত বাতাসের অভাব হতে পারে, তাই গরমজনিত অসুস্থতা এড়াতে সবাইকে উন্মুক্ত স্থানে খেলা দেখার আহ্বান জানাচ্ছি। কেবল বৃষ্টি হলেই জিমনেসিয়াম খুলে দেওয়া হবে।
নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দিয়ে প্রক্টর আরও বলেন, খেলা চলাকালীন শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টোরিয়াল টিম সতর্ক অবস্থানে থাকবে। এছাড়া যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।