জাবিপ্রবিতে ৯ বছরে ৬ উপাচার্য, মেয়াদ পূর্ণ করছেন মাত্র একজন

০৭ জুন ২০২৬, ০২:০২ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০২:১৫ PM
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত উপাচার্যরা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত উপাচার্যরা © টিডিসি

প্রতিষ্ঠার পর থেকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) উপাচার্য পদে স্থিতিশীলতা দেখা যায়নি। ২০১৮ থেকে ২০২৬ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগ পেয়েছেন মোট ছয়জন উপাচার্য। এর মধ্যে একজন যোগদানই করেননি, একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কেউ পদত্যাগ করেছেন আর পূর্ণ চার বছরের মেয়াদ শেষ করতে পেরেছেন মাত্র একজন। ফলে ঘন ঘন নেতৃত্ব পরিবর্তন নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনা চলছে।

২০১৮ সালের ২১ জুন প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও আণবিক জীববিদ্যা বিভাগের অধ্যাপক ড. নিরঞ্জন কুমার সানা, কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি যোগদান করেননি।

২০১৮ সালের ১৯ নভেম্বর নিয়োগ পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়টির একমাত্র উপাচার্য যিনি ২০২২ সালের ১৮ নভেম্বর তার ৪ বছরের মেয়াদকাল পূর্ণ করেন।

২০২২ সালের ১২ ডিসেম্বর নিয়োগ পেয়ে দ্বিতীয় উপাচার্য হিসেবে যোগদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল আলম খান। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে তিনি তার মেয়াদকাল পূর্ণ করতে পারেননি। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের ফলে স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে ১১ আগস্ট তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুন: সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, কর্মসূচিতে বিক্ষোভও

ওই বছরের ২৭ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। দেড় বছর দায়িত্ব পালন শেষে চলতি বছরের ১৪ মে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। 

গত ১৪ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে হিসেবে ১৬ মে বিশ্ববিদ্যালয়টিতে যোগদানও করেন তিনি। তবে যোগদানের ২৩ দিন পর শিক্ষা মন্ত্রণালয় জানলেন, প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যক্তিটি তিনি নন, তার নিয়োগটি ‘ভুল’।

এ কারণে ৬ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের মো. আমির হোসেনকে তার স্থলে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় এসে এপ্রিলের শুরুতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে সার্চ কমিটি পুনর্গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এই কমিটি হওয়ার পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন সার্চ কমিটির কাছে। এই দুই ‘আমির হোসেন’ও বৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এদিকে গত ১৪ মে একসঙ্গে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ওই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়াকে পরবর্তী ৪ বছরের জন্য জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

জানা যায়, প্রথমজনকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে প্রজ্ঞাপন প্রস্তুত করা হলেও একই ধরনের নামের কারণে ভুলবশত দ্বিতীয়জনের তথ্য ব্যবহার করা হয়েছিল। তাদের দাবি, এটি একটি ‘টাইপিং মিসটেক’ বা মন্ত্রণালয়ের কর্মচারীরা প্রজ্ঞাপন প্রস্তুত করার সময় ভুল করেছেন।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬