শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এবং বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয়করণ হওয়া কিংবা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে রয়েছে রংপুর বিভাগের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিভাগের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের।
২০২৬ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত রংপুর বিভাগের জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই হতে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।
জাতীয়করণ হওয়া বা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অঞ্চলের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঠাকুরগাঁওয়ের ৫টি ছাড়াও পঞ্চগড়ের দুটি, দিনাজপুর, গাইবান্ধা এবং নীলফামারীর একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
আরও পড়ুন: জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান, ৯টিই বগুড়ার
তালিকায় থাকা ঠাকুরগাঁওয়ের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো- রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়, রুহিয়া উচ্চ বিদ্যালয়, কুমারপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এবং বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় থাকা পঞ্চগড়ের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো- বোদা পাইলট বালিকা বিদ্যালয় এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউশন (স্কুল শাখা)।
এ ছাড়া নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার আর এ গণি স্কুল এন্ড কলেজ এবং দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।