শিক্ষকদের বদলিতে কোনোভাবেই ‘ফ্রি স্টাইল’ নয়: শিক্ষামন্ত্রী

২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ PM
ড. আ ন ম এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক বদলির ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে, তবে সবকিছু নির্ধারিত নিয়মের মধ্যে হতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বদলির ক্ষেত্রে কোনোভাবেই ‘ফ্রি স্টাইল’ বা অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হবে না।

আজ বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত বদলি নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ছাড়াও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় বদলি নিয়ে নানা ইস্যু তুলে ধরেন শিক্ষামন্ত্রী। সভার একটি সূত্র জানায়, সভায় শিক্ষামন্ত্রী বলেছেন, ‘শিক্ষক বদলির ক্ষেত্রে আমরা সুযোগ দেব, তবে সবকিছু নিয়মের মধ্যে হতে হবে। কোনোভাবেই ‌‘ফ্রি স্টাইল’ বা অতিরিক্ত স্বাধীনতা দেওয়া যাবে না। যেমন—আমি নিজেই তালা থেকে গাড়ি চালিয়ে মিটিংয়ে আসছিলাম, তখন এক ছেলে আমার গাড়িতে ধাক্কা দিল। ড্রাইভার বলল, ‘ভাই, এটা ভিআইপি গাড়ি।’ আমি তখন ড্রাইভারকে বললাম, "এটা যদি আগের আওয়ামী লীগ সরকার হতো এবং গাড়িতে পতাকা থাকত, তাহলে তো দূরের কথা, ওই যুবকের খবরই থাকত না!" কথাটি হলো—অনেক সময় অতিরিক্ত স্বাধীনতাও ভালো ফল আনে না। বদলির সুযোগ থাকবে, কিন্তু নিয়মবহির্ভূত সুযোগ বা স্বেচ্ছাচারিতা বরদাস্ত করা হবে না।

মন্ত্রী বলেছেন, আপনারা বলেছেন যে এবার যেন একটি সুশৃঙ্খল সিস্টেমের মাধ্যমে বদলি প্রক্রিয়া সম্পন্ন হয়। এ বিষয়ে অনেকেই সফটওয়্যার বানিয়ে আবেদন আহ্বান করেছিলেন এবং তা আমার কাছেও নিয়ে এসেছিলেন। কিন্তু যাচাই করে দেখলাম যে সিস্টেমটি ডিফেক্টিভ (ত্রুটিপূর্ণ) ছিল। একটু চিন্তা করে দেখুন, আমি যদি তখন না বুঝে ওই বাটনে প্রেস করে দিতাম, তাহলে ঢাকার নামী-দামি স্কুলগুলোতে শিক্ষক না গিয়ে চট্টগ্রাম বা অন্য অঞ্চলের শিক্ষকরা হঠাৎ করে ভিড় জমাতেন! তখন পরদিন আমার বিরুদ্ধে কী অবস্থা তৈরি হতো, একবার ভেবে দেখুন!

সভায় নতু বই বিতরণের বিষয়ে মন্ত্রী বলেন, আমরা চাচ্ছি এবার রেজাল্টের দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে। তবে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ডিসেম্বরের শেষের দিকে প্রাথমিক শিক্ষা সমাপনী বা মূল্যায়ন থাকলে শিক্ষকরা ব্যস্ত থাকবেন, তাই আমরা মোটামুটি ২৪ ডিসেম্বর বই বিতরণের চিন্তাভাবনা করছি। এরপর শিক্ষার্থীরা ক্রিসমাস ও নতুন বছরের ছুটিতে যাবে এবং ছুটি শেষে ক্লাসে ফিরে নতুন বই ও নতুন মলাট নিয়ে পড়াশোনা শুরু করবে। ইতিমধ্যে আমরা নতুন চারটি বই তৈরির কাজটিও হাতে নিয়েছি।

সভা সূত্র জানায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক দেশে ফেরার পর পুনরায় সভা করা হবে বলে জানা গেছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সভায় উপস্থিত কর্মকর্তাদের জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি প্রয়োজন। বিশেষ করে, যেসব শিক্ষক বাধ্য হয়ে নিজ এলাকা থেকে দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করছেন, তাঁদের বদলির সুযোগ দেওয়া উচিত বলে মত দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়ায় অনেক শিক্ষককে দূরবর্তী প্রতিষ্ঠানে চাকরি করতে হচ্ছে। তাই এই শিক্ষকদের বদলির প্রয়োজন রয়েছে। তবে তাঁর এ মতামতের পর সভায় উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানেরা জানান, বিদ্যমান বদলি নীতিমালা অনুসারেই ইতোমধ্যে আবেদন নেওয়া হয়েছে। ফলে এবার সেই প্রক্রিয়া অনুসরণ করেই বদলির ফল প্রকাশ করা উচিত।

প্রতিষ্ঠানপ্রধানেরা আরও বলেন, নীতিমালা পরিবর্তন করে নতুন করে আবেদন নেওয়া হলে শিক্ষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হতে পারে। এতে তাঁরা আন্দোলনে নামতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

হাওর-বাঁওড়, নদী ও সমুদ্রে তৈরি হচ্ছে অভয়াশ্রম: মৎস্যমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে আইজিপির শব্দচয়ন ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৩ পদে চাকরি, আবেদনে বাকি ২ দিন
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবনায় অর্থ আত্মসাৎ মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির প্রয়োজন’—…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্পেনে উচ্চগতির ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪
  • ২৮ অক্টোবর ২০২৬