এমপিওভুক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা, সরকারি স্কুল শিক্ষকরা পাবেন ৪০০০

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

নবম জাতীয় পে-স্কেলের গেজেট জারি করেছে সরকার। প্রকাশিত গেজেট অনুযায়ী সরকারি চাকরিজীবীরা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা প্রতি মাসে চিকিৎসা ভাতা হিসেবে পাবেন। পে-স্কেলের আওতায় আসায় সরকারি স্কুল বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা করে চিকিৎসা ভাতা পাবেন।

তবে এই ভাতা পাবেন না বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। তারা পূর্বের ন্যায় মাসিক ৫০০ টাকা হারে চিকিৎসা ভাতা পাবেন। ফলে বিষয়টিকে চরম বৈষম্য দাবি করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

নবম পে-স্কেলের গেজেটে চিকিৎসা ভাতা সংক্রান্ত ধারায় বলা হয়েছে, ‘চিকিৎসা সংক্রান্ত অন্যান্য সুবিধাদি যাহা সরকার কর্তৃক, সময়ে সময়ে জারীকৃত আদেশের মাধ্যমে প্রদান করা হইয়াছে তাহা যথারীতি বলবৎ থাকিবে এবং কর্মচারীগণ ৫০ বৎসর বয়স পর্যন্ত মাসিক ৩০০০ (তিন হাজার) টাকা এবং ৫০ বৎসর ১ দিন হইতে পিআরএল শেষ হওয়া পর্যন্ত মাসিক ৪০০০ (চার হাজার) টাকা চিকিৎসা ভাতা প্রাপ্য হইবেন।’

এতে আরও বলা হয়, ‘অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে চিকিৎসা ভাতা ৫০ বৎসর বয়স পর্যন্ত মাসিক ৩০০০ (তিন হাজার) টাকা, ৫০ বৎসর ১ দিন হইতে ৬০ বৎসর পর্যন্ত মাসিক ৪০০০ (চার হাজার) টাকা, ৬০ বৎসর ০১ দিন হইতে ৭০ বৎসর বয়স পর্যন্ত মাসিক ৫০০০ (পাঁচ হাজার) টাকা এবং ৭০ বৎসরের ঊর্ধ্বে মাসিক ৬০০০ (ছয় হাজার) টাকা হইবে: তবে শর্ত থাকে যে, কোনও মূল পেনশনভোগী হইতে উদ্ভূত একাধিক পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে মূল পেনশনভোগীর প্রাপ্য চিকিৎসা ভাতাকে ভিত্তি ধরিয়া বিধি মোতাবেক আনুপাতিক হারে বণ্টন করিতে হইবে।’

পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা বাড়ানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা বাড়েনি দীর্ঘদিন ধরে। এমনকি শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির আন্দোলনে চিকিৎসা ভাতা এক হাজার টাকা করার দাবি উঠলেও তা আজও পূরণ হয়নি।

বিষয়টি চরম বৈষম্যমূলক জানিয়ে কারিগরি শিক্ষক নেতা মো. রাশেদ মোশাররফ বলেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকেই বৈষম্যের শিকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বর্তমান সময়ে যেখানে একজন চিকিৎসকের পরামর্শ ফি এক হাজার টাকার বেশি। সেখানে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিমাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা কীভাবে দেওয়া হয় সেটি আমার বোধগম্য নয়।’

তিনি আরও বলেন, ‘সরকারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরাও চিকিৎসা ভাতা পাবেন ৩ থেকে ৪ হাজার টাকা করে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় প্রিলি এবং ভাইভার মাধ্যমে। আর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগ হয় প্রিলি, রিটেন এবং ভাইভা শেষে। ফলে এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা বা মেধা কোনোটিই কম নয়। অবিলম্বে আমাদের চিকিৎসা ভাতা বাড়াতে হবে।’

অস্ত্র রাখার অভিযোগ দিয়ে মারধর করেছিল সহপাঠীরা, সিজিপিএ-৪ ন…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কলেজে ভর্তির মাইগ্রেশনের ফল দেখুন এখানে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর কুড়িল থেকে ১২ বছরের এক শিশু নিখোঁজ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে বসলেন ঢাকা দক্ষিণের দুই মেয়র প্রার্থী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে চলন্ত বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬