শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত
বগুড়া জেলার গাবতলী উপজেলার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সরকারি হওয়ায় বদলে গেছে বিদ্যালয়টির নাম। নতুন নাম করণ করা হয়েছে ‘গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন গাবতলী পাইলট উচ্চ উচ্চবিদ্যালয়টি ২০২৬ সালের ২৭ আগস্ট থেকে ‘গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’ নামে সরকারি করা হলো। প্রচলিত বিধি-বিধানের আলোকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক ও কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবেন না।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৫ আগস্ট একই জেলার শিবগঞ্জ উপজেলার ‘শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ সরকারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন ‘শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’কে ২৫ আগস্ট ২০২৬ (১১ ভাদ্র ১৪৩৩) থেকে ‘শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ নামে সরকারিকরণ করা হলো।
এতে আরও বলা হয়, প্রচলিত বিধি-বিধানের আলোকে বিদ্যালয়টির শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।