চীনের গুয়াংজুতে আয়োজিত ‘চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন লাঞ্চ’ © টিডিসি ফটো
শিক্ষা, গবেষণা ও কারিগরি দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা কাঠামো গড়ে তোলা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্ভাবন নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) চীনের গুয়াংজুতে আয়োজিত ‘চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন লাঞ্চ’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে পড়াশোনার সুযোগ বাড়ানো, চীন ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা এবং দুই দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরিতে চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া দক্ষ জনশক্তি উন্নয়ন এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে যৌথ পরিকল্পনার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় চীন-বাংলাদেশের শিক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট তিয়ান শিংইউ, জিয়াংসি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ঝেং পেংউসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন।