নীতিমালার আওতায় আসছে ইংরেজি মাধ্যম স্কুল, কমিটি গঠনের সিদ্ধান্ত

০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ PM
সরকারি লোগো

সরকারি লোগো © এআই দিয়ে তৈরিকৃত ছবি

দেশের ইংরেজি মাধ্যমে পরিচালিত স্কুলগুলোকে নীতিমালার আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর টিউশন ফিসহ অন্যান্য বিষয়ে একটি সুপারিশ করবে। সেই সুপারিশের আলোকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছ।

রবিবার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা-নীতিমালা বাস্তবায়ন শীর্ষক সভায় কমিটি গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আপাতত একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।’

সভা সূত্রে জানা গেছে, ইংরেজি মাধ্যম স্কুলগুলো কী কী সমস্যা রয়েছে, সে বিষয়ে সভায় আলোচনা করা হয়। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর লাগামহীন টিউশন ফি কমানোর বিষয়েও সভায় আলোচনা হয়েছে। এছাড়া এই মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন; সেগুলোও জানতে চাওয়া হয়। এছাড়া স্কুলের কী সমস্যা রয়েছে সেটিও জানাতে বলা হয়েছে।

সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করতে পারেন না। এর কারণ খতিয়ে দেখে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে, সেসব সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়েও প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

কমিটি সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আগামীকাল সোমবারের মধ্যেই একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি চলতি সপ্তাহে একটি সভা করে কাজের পরিধি ঠিক করবেন। শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, স্কুল প্রতিনিধিসহ অনেকেই কমিটিতে থাকবেন। কমিটির আকার বড় হবে।’

ভর্তি পরীক্ষায় ভালো করতে পারে না ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা
সভায় উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো সাধারণত বাংলা মাধ্যমের পাঠ্যসূচি ও প্রশ্নের ওপর ভিত্তি করে তৈরি হওয়ায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় ভালো করতে পারেন না। ইংরেজি মাধ্যমে পড়া শিক্ষার্থীরা ভিন্ন সিলেবাস, ভিন্ন প্রশ্নধারা এবং বিশ্লেষণধর্মী শিক্ষাপদ্ধতির সঙ্গে অভ্যস্ত। যেখানে মুখস্থভিত্তিক বা নির্দিষ্ট বোর্ডকেন্দ্রিক প্রশ্ন কম গুরুত্ব পায়। ফলে ভর্তি পরীক্ষায় আসা বাংলা টার্মিনোলজি, সাধারণ জ্ঞান বা দেশীয় প্রেক্ষাপটভিত্তিক প্রশ্নগুলো তাদের জন্য তুলনামূলক কঠিন হয়ে ওঠে। 

এছাড়া অনেক ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা ও প্রশ্নের ধরন সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবও তাদের ফলাফলে প্রভাব ফেলে। তাই উপযুক্ত প্রস্তুতি ও সঠিক দিকনির্দেশনা না থাকলে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষায় ভালো করা কঠিন হয়ে দাঁড়ায়। বিষয়টি কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

সমস্যা নিয়ে ওয়েবসাইটে অভিভাবকদের মতামত সংগ্রহের পরামর্শ
ইংরেজি মাধ্যম স্কুলগুলোর নানা সমস্যা এবং সেগুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে অভিভাবকদের মতামত সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। এই মতামত স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। 

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, এর মাধ্যমে অভিভাবকরা সহজেই তাদের সন্তানের শিক্ষা, অবকাঠামো, নিরাপত্তা, শিক্ষকের মান এবং অন্যান্য বিষয় নিয়ে মতামত, অভিযোগ বা পরামর্শ জানাতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্ম হওয়ায় যেকোনো সময় ও স্থান থেকে মতামত দেওয়া সম্ভব হবে; যা অংশগ্রহণ বাড়াবে এবং সমস্যাগুলো দ্রুত শনাক্ত করতে সহায়তা করবে। পাশাপাশি, স্কুল কর্তৃপক্ষ সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে। ফলে এই উদ্যোগ স্কুল ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ…
  • ১০ আগস্ট ২০২৬
৫২ জনের সবাই পেয়েছে জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় সমঝোতায় ছাত্রদল-শিবির, নেতারা করলেন কোলাকুলি
  • ১০ আগস্ট ২০২৬
গুলিবিদ্ধ হয়ে আহত সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ১০ আগস্ট ২০২৬