‘বিএনপি এমপি’র নির্দেশ
এসএসসিতে পাসের হার ৩০ শতাংশের নিচে
ময়মনসিংহের ভালুকা উপজেলা © টিডিসি সম্পাদিত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখতে চিঠি দিয়েছেন সেখানকার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফিরোজ হোসেন।
গতকাল রবিবার (১৫ নভেম্বর) স্বাক্ষরিত এই চিঠিটি অনুলিপি স্থানীয় বিএনপির সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু), শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। এদিকে, আজ সোমবার (১৬ নভেম্বর) এই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
‘বেতন-ভাতা স্থগিত প্রসঙ্গে’ শীর্ষক ভালুকার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবরের মাসিক সভার সিদ্ধান্ত মতে জানানো যাচ্ছে যে, এসএসসি/সমমান পরীক্ষা-২০২৬ এ আপনার প্রতিষ্ঠানের গড় পাসের হার ৩০% এর নিচে। এই উপজেলায় শিক্ষার মান উন্নয়নের নিমিত্ত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর, ২০২৬ মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক আপনার প্রতিষ্ঠানের এসএসসি/সমমান পাশের হার ৩০% এর ঊর্ধ্বে না উঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ ধরনের নির্দেশ সংসদ সদস্য কিংবা ইউএনও নিতে পারেন না। তাদের নেওয়ার ইখতিয়ার নেই। মন্ত্রণালয়, মাউশি কিংবা শিক্ষাবোর্ড এমন সিদ্ধান্ত দিতে পারে। সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।
জানতে চাইলে ইউএনও মো. ফিরোজ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া চিঠিটি সঠিক। বেতন-ভাতা স্থগিতের বিষয়টি চিঠিতে রয়েছে।
এটার ইখতিয়ার আপনাদের রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার এমপি মহোদয় বিষয়টি উপস্থাপন করেছেন। পরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি।
জানা যায়, ওই উপজেলায় ৫৫টি স্কুলের মধ্যে ৩টিতে পাসের হার ৩০ শতাংশের নিচে। এর মধ্যে শহীদ কুতুব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাসের হার ২৪ শতাংশ, পাঁচগাও সানরাইজ উচ্চ বিদ্যালয়ে পাসের হার ২৩ শতাংশ এবং মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয়ে পাসে হার ২৫ শতাংশ।
এছাড়া ৪২টি মাদ্রাসার মধ্যে ৩টিতে রয়েছে পাসের হাস ৩০ শতাংশের নিচে। এর মধ্যে ধামশুর নুরানী দাখিল মাদ্রাসায় পাসের হার ১৬.২২ শতাংশ, রাজৈ স্বজনগাঁও দাখিল মাদ্রাসায় পাসের হার ২৬.৩২ শতাংশ এবং মেদুয়ারী দাখিল মাদ্রাসায় পাসের হার ১৪.৮১ শতাংশ।
এছাড়া কারিগরি প্রতিষ্ঠান রয়েছে ৭টি। সেখানে সবকটিতেই পাসের হার ৩০ শতাংশের উপরে।