যশোর শিক্ষাবোর্ড © সংগৃহীত
যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের আবেদন জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক মু. এনামুল কবীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে। নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে এই অ্যাডহক কমিটি গঠন করতে হবে।
বোর্ডের আওতাধীন সব অনুমোদিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ১০ কার্যদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের আবেদন বোর্ডে জমা দিতে হবে। এ সময়ের মধ্যে আবেদন জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে দায় নিতে হবে। এ ক্ষেত্রে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে জারি করা বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।