মাউশি লোগো © টিডিসি ফটো
দেশের কোন কোন উপজেলায় সরকারি মহিলা কলেজ রয়েছে এবং কোন কোন উপজেলায় এ ধরনের কলেজ নেই, সে বিষয়ে তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আগামী ১২ নভেম্বরের মধ্যে তথ্য পাঠাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, মন্ত্রী বাংলাদেশের কোন কোন উপজেলায় সরকারি মহিলা কলেজ রয়েছে এবং কোন কোন উপজেলায় সরকারি মহিলা কলেজ নেই, সে বিষয়ে তথ্য চেয়েছেন। এ পরিপ্রেক্ষিতে আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্টকে অনুলিপি দেওয়া হয়েছে। চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্যও অনুরোধ জানানো হয়েছে।