শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের পৃথক আদেশ জারি করতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আজ সোমবার (৯ নভেম্বর) এ চিঠি পাঠানো হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীর অবদান অপরিসীম। সারাদেশের শিক্ষকগণের চাকুরীর সুযোগ সুবিধা বৃদ্ধিসহ তাদের কল্যাণ এবং সার্বিক পরিসেবা উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বৃদ্ধি করেছে। এতে শিক্ষার মান উন্নয়নের সাথে সাথে শিক্ষক- কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাদারীত্ব বৃদ্ধি পাবে।’
এতে বলা হয়, ‘বর্তমানে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে জাতীয় বেতন স্কেল ২০২৬ ঘোষনা করা হলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের পে-স্কেল প্রদান সংক্রান্ত আদেশ জারী করা হয় নাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদেরকে জাতীয় বেতন স্কেল ২০২৬ প্রদানের বিষয়ে আদেশ জারী করা প্রয়োজন।’
চিঠিতে আরও বলা হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন ভাতা প্রদান সংক্রান্ত আদেশ জারীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।’
