মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী © সংগৃহীত
পোশাকশ্রমিকদের নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেছেন, মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক না কেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় গতকালের সভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে।
এ সময় পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে কোনো ধরনের গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি শ্রমিকদের গুজব বা ভুয়া তথ্যে কান না দেওয়া এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার অনুরোধ জানান।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়।
তবে এসব উদ্যোগের পরও কয়েকটি এলাকায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।