জাতীয় রাজস্ব বোর্ড © ফাইল ছবি
গত অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী রবিবার (২২ নভেম্বর) পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই ওই মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
এনবিআর জানিয়েছে, ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে এ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। গতকাল সোমবার (১৬ নভেম্বর) এ-সংক্রান্ত চিঠি ইস্যু করা হলেও আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) তা ওয়েবসাইটে প্রকাশ করেছে এনবিআর।
এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান সই করা বিশেষ আদেশে বলা হয়েছে, ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে কনকারেন্ট ইউজার এর সংখ্যা অত্যধিক হওয়ায় সার্ভার জটিলতার কারণে করদাতাদের অক্টোবরের কর রিটার্ন নির্ধারিত সময়সীমার মধ্যে দাখিলের কার্যক্রম বিঘ্নিত হয়।
এ কারণে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দেওয়া যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না।