লোগো © সৌজন্যে প্রাপ্ত
সরকারি কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। বুধবার (১১ নভেম্বর) অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২০ মার্চ ১৯৮৯ তারিখের পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, তার সমপরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা হিসেবে প্রাপ্য হবেন।
এতে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে যেসব সরকারি কর্মচারী শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, তাঁদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাসের চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী সাময়িকভাবে নির্ধারিত মূল বেতন বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে পে-ফিক্সেশনের ফলে নির্ধারিত বেতন নয়, বরং সংশ্লিষ্ট মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা হিসেবে প্রদান করা হবে।
তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, একবার এ ভাতা উত্তোলন করা হলে পরবর্তী সময়ে বেতন নির্ধারণ বা পে-ফিক্সেশনের কারণে সংশ্লিষ্ট কর্মচারী কোনো বকেয়া অর্থ দাবি করতে পারবেন না।
