ওয়ালটন লোগো © সংগৃহীত
সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি, জলবায়ু ও পরিবেশ সুরক্ষা এবং বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান—এই তিন ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন করেছে দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন। শনিবার (১৮ জুলাই) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আব্দুল্লাহ-আল-মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম, প্রতীক কুমার মদক, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং অন্যান্য কর্মকর্তারা পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. ইউসুফ আলী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সরকারের জ্বালানি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ওয়ালটন উৎপাদন ও পরিচালনায় পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং কার্বন নিঃসরণ কমানোর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি জানান, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের প্রধান কার্যালয়ে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। বর্তমানে স্থাপিত ১৯ দশমিক ২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতিষ্ঠানের মোট চাহিদার প্রায় ১৭ শতাংশ পূরণ করছে।
সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ এ পুরস্কারের আয়োজন করে। আয়োজকদের তথ্যমতে, এ বছর ১৯টি ক্যাটাগরিতে ৪৫৭টি মনোনয়ন থেকে মূল্যায়নের মাধ্যমে ৫৯টি টেকসই উদ্যোগকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬’ প্রদান করা হয়েছে।