শনিবার খোলা থাকবে ব্যাংক

২১ মে ২০২৬, ১১:৩৭ AM
বাংলাদেশ ব্যাংকের লোগো

বাংলাদেশ ব্যাংকের লোগো © সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের আর্থিক লেনদেন সচল রাখা এবং তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ সহজ করার লক্ষ্যে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) সারা দেশে স্বাভাবিক নিয়মে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (১৮ মে) কেন্দ্রীয় ব্যাংক এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্বঘোষিত সাপ্তাহিক ছুটি শনিবার (২৩ মে) বাতিল করে নিয়মিত কার্যদিবস ঘোষণার পর কেন্দ্রীয় ব্যাংক এই নতুন নির্দেশনা জারি করল।

সার্কুলারের তথ্য অনুযায়ী, সরকারের পবিত্র ঈদুল আজহার ছুটির ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা সাত দিন দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সাধারণ ছুটির কারণে বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটির পর আগামী ১ জুন থেকে ব্যাংকগুলোতে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মে মাসের বেতন, উৎসব বোনাস ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা যাতে সময়মতো ও নির্বিঘ্নে পরিশোধ করা যায়, সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা ও উপশাখাগুলোতে আগামী ২৫ ও ২৬ মে (ঈদের ছুটির প্রথম দুই দিন) সীমিত জনবল ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিশেষ নির্দেশনার আওতায় ওই নির্দিষ্ট এলাকাগুলোর ব্যাংক শাখা খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহকেরা সরাসরি লেনদেন বা টাকা জমা ও উত্তোলন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬