মাউশি © ফাইল ফটো
নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা হিসাবে বড় ধরনের ভুল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন হিসাব বিবরণী অনুযায়ী সাড়ে ৬ হাজার কোটি টাকারও বেশি প্রয়োজন হবে বলে জানা গেছে। যা পূর্বের হিসাবের তুলনায় দ্বিগুণেরও বেশি।
বুধবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মাউশি থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন দিতে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছিল। তবে এই হিসাবে অনেক বড় ভুল হয়েছে। নবম পে-স্কেলে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন দিতে ৬ হাজার ৮০০ কোটি টাকারও বেশি প্রয়োজন।
সূত্রের তথ্য বলছে, সম্প্রতি অর্থ বিভাগ থেকে হিসাবে ভুল হওয়ার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশিকে চিঠি পাঠিয়ে পুনরায় হিসাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বুধবার নতুন হিসাব বিবরণীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
মাউশির পাঠানো নতুন হিসাব বিবরণীর তথ্য অনুযায়ী, মোট ১২ মাসের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে সাত মাসের বকেয়া এবং পাঁচ মাসের নিয়মিত বেতনের তথ্য উল্লেখ করা হয়েছে। ১২ মাসে স্কুল-কলেজের জন্য মোট ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা প্রয়োজন হবে বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
হিসাব বিবরণীর তথ্য বলছে, নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী স্কুলে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা প্রয়োজন হবে। আর কলেজের জন্য লাগবে ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নতুন করে হিসাব তৈরির কার্যক্রম শেষ। ইতোমধ্যে নতুন হিসাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।’
বেতন-ভাতার তথ্য দিতে এমন ভুল হওয়ার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বেতন-ভাতার তথ্য ৫ দিয়ে গুণ করার কথা ছিল। তবে যারা এ হিসাব তৈরি করেছে তারা আরও কম দিয়ে করেছে। সেজন্য এমন সমস্যা হয়েছে।’