মাউশি © সংগৃহীত
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার বিল সাবমিট নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী আগামী ২০ অক্টোবরের মধ্যে বেতন-ভাতার বিল সাবমিট করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, 'অত্র অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে EMIS সিস্টেমের MPO-EFT মডিউলে লগ-ইন করে Bill Submit করেন।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চুড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে। অসাবধানতাবশত ভুল তথ্য প্রদান বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক/কর্মচারী অতিরিক্ত অর্থ প্রাপ্ত হলে সেই অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন।
নির্দেশনায় আরও বলা হয়, 'আগামী ২০ অক্টোবরের মধ্যে অক্টোবর-২০২৬ মাসের এমপিও বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে অনুরোধ করা হলো ।'