মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো
ছাত্রছাত্রীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া র্যাগ ডে–র নামে বিশৃঙ্খলা রোধে ও ইভটিজিং প্রতিরোধে কমিটি ও ক্যাম্পেইন করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এসব পদক্ষেপের তথ্য জানতে চাওয়া হয়েছে। এ নির্দেশনার চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালককে পাঠানো হয়। বিষয়টি অতীব জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত ২৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত নিচের সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
সিদ্ধান্তের মধ্যে রয়েছে-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা; শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ইভটিজিং প্রতিরোধ ও 'র্যাগ ডে'-এর নামে বিশৃঙ্খলা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করা।
‘‘এ অবস্থায়, আপনার অঞ্চলের আওতাধীন জেলা ও উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উক্ত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন একসঙ্গে কম্পাইল করে নিচের ছক মোতাবেক আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলে ([email protected]) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

এর আগে গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে এসব বিষয় নিয়ে পদক্ষেপ জানানোর জন্য মাউশি থেকে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছিল। তখন নির্ধারিত ই–মেইলে মাউশিকে জানাতে হয়েছিল তাদের।