অধ্যাপক ড. খান মইনুদ্দিন আলম মাহমুদ সোহেল © ফাইল ছবি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনে সমস্তরের বাধার কারণে অনেক শিক্ষক আবেদন করতে পারছেন না। তাদের বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সঙ্গে।
মাউশি ডিজি জানিয়েছেন, ‘শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত নীতিমালা অনুযায়ী সফটওয়্যার তৈরি করেছে ভেন্ডর প্রতিষ্ঠান। নীতিমালা যেভাবে আছে সে অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারছেন। যারা পারছেন না তারা নীতিমালার শর্ত পূরণ করতে পারেননি। আপাতত নীতিমালা পরিবর্তনের সুযোগ নেই।’
সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল আরও বলেন, ‘এবারের মতো সফটওয়্যার আপডেটের সুযোগ আছে বলে মনে হয় না। প্রথমবার সফটওয়্যারের মাধ্যমে বদলি হচ্ছে, এজন্য অনেক ভুল থাকতে পারে। আগামীতে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা হবে।’
বদলি আবেদনের সময় বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মাউশি, ‘বদলি আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে, দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যক্রম শুরু করার। মাউশি সেভাবেই কাজ করছে।’
এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিয়েছে। এ জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) সভায় বসতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং সফটওয়্যার নির্মাণের ভেন্ডর প্রতিষ্ঠান।
সোমবার মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন করতে না পারা অসংখ্য শিক্ষক মাউশিতে ভিড় করছেন। তাদের সবাই প্রায় একই ধরনের সমস্যার কথা জানাচ্ছেন। পাশাপাশি এ বিষয়ে তাদের ভুল নেই বলে দাবি করছেন। বিষয়গুলো টেলিটককে অবহিত করার পর তারা ভেন্ডর প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সাথে বৈঠকের ব্যবস্থা করেছেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভেন্ডর প্রতিষ্ঠানের আসিফ নামে এক ব্যক্তি আগামী বৃহস্পতিবার মাউশিতে আসবেন। তার সাথে সকাল ১১টায় আলোচনা শুরু হবে। সভায় শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরা হবে। এরপর বিষয়গুলো সমাধান যোগ্য হলে ভেন্ডর প্রতিষ্ঠান সেটি করে দেবে।’