নুরুল ইসলাম নাহিদ © সংগৃহীত
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে তাকে আটক করা হয় বলে প্রথমে জানানো হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে পুলিশ জানতে পারে, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় নুরুল ইসলাম নাহিদ অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন বলে জানা গেছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। মামলাগুলোর বেশির ভাগই সিলেটে। বর্তমানে মামলাগুলো তদন্তাধীন রয়েছে। তার বিরুদ্ধে আরও যাচাই-বাছাই করা হচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।’
তিনি আরও জানান, নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নেওয়া হয়েছে। উত্তরার যে বাসা থেকে তাকে আটক করা হয়েছে, সেটি তার মেয়ের। তিনি কত দিন ধরে ওই বাসায় অবস্থান করছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।