স্বপ্না খাতুন © সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলার অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
ওই রায়ের আলোকে স্বপ্না খাতুনের খালাস প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, স্বপ্না খাতুনের ক্ষেত্রে আদালতের পর্যালোচনা ও পর্যবেক্ষণ হচ্ছে, যেহেতু মূল অপরাধটি ধর্ষণ এবং পরে হত্যাকাণ্ড ঘটানো, সেহেতু সোহেল রানার জবানবন্দিতে নিজেকে সম্পৃক্ত করা ছাড়া স্বপ্না খাতুনের কোনো সম্পৃক্ততার কথা উল্লেখ করেননি। আদালতও বলেছেন, কোনো ধর্ষণের ঘটনায় একজন নারী তার স্বামীকে সহযোগিতা করার সুযোগ নেই।
তিনি আরও বলেছেন, অন্যান্য যেসব সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, তাদের সাক্ষ্য থেকে প্রমাণিত হয়, স্বপ্না খাতুন তার স্বামীকে বাঁচানোর জন্য তিনতলার গ্রিল কেটে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। কিন্তু মূল অভিযোগ, অর্থাৎ ধর্ষণ ও হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এই বিবেচনায় স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে আদালত পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যাকাণ্ড নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।