আটক ২ ভাই © সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকাসক্ত দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে নিজেই তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা। মায়ের অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই ভাইকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতে সাদমান সাকিবকে (২৪) এক বছর এবং তাঁর ছোট ভাই মো. সান তাসফিকে (১৯) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
দণ্ডপ্রাপ্ত সাকিব ও তাসফি উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান- কয়েক বছর আগে মাদকের নেশায় জড়িয়ে পড়েন দুই ভাই। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই তাঁরা নানা অপরাধমূলক কাজে জড়াতেন। ছেলেদের অন্ধকার পথ থেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে মা ছাবিনা ইয়াসমিন নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হন। সম্প্রতি মাদকের টাকার জন্য তাঁরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। টাকা না পেলেই মাকে মারধর এবং শারীরিক ও মানসিক নির্যাতন করা তাঁদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়। একপর্যায়ে সন্তানদের অত্যাচার সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে মা দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে ওই দুই ভাই মাদক সেবন এবং পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।