বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। আগামী ২১ নভেম্বরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২২ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
বুধবার (১১ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপন অনুযায়ী, সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সিআইডিতে, ইমদাদুল হককে যশোরের মনিরামপুর সার্কেল থেকে পুলিশ স্টাফ কলেজে এবং রাজু আহমেদকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এসবিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া এসআরবির সহকারী পুলিশ কমিশনার মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) এবং একই ইউনিটের মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএনে পদায়ন করা হয়েছে। রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালেদ হোসেনকে রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মো. আলী আর্শাদের পুলিশ স্টাফ কলেজে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে। এর আগে ৩১ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে তাকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছিল।
বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর না করলে ২২ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।