টেকনাফে পুলিশ-বিজিবির ওপর হামলা, আটক ৩ © সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের করা ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় টহল দলের ব্যবহৃত পিকআপের তিনটি গ্লাসও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে টেকনাফ উপজেলার ওলিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন-টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার ফজল আহাম্মদের ছেলে খোরশেদ আলম (২৫), জাফর আলমের ছেলে আকিব (২২) ও মার্কিন মিয়ার ছেলে আব্দুল গফুর (১৯)।
বিজিবি জানায়, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে দায়িত্ব পালনকালে এক প্লাটুন বিশেষ টহল দলের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এক বিজিবি সদস্য আহত হন। একই সঙ্গে টহল দলের পিকআপের পেছনের দরজাসহ তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি, পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।