মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, আটক ১০ 

১০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ PM
বাসের আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

বাসের আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা © সংগৃহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নভেম্বরের ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে মানিকগঞ্জে সোমবার দিবাগত রাতে অন্তত ১২টি ককটেল বিস্ফোরণের পর গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে গেছে।  ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে  ১০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী, জেলা বিএনপি কার্যালয়, জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়, ঘিওর বাসস্ট্যান্ড ও পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে রাত পৌনে আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে আটটার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন কাঁচাবাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

এর কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি এবং রাত নয়টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে ঘিওর বাসস্ট্যান্ডে একটি ও পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরেকটি বিস্ফোরিত হয়। সবশেষ রাত সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারের বাসভবনের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, কয়েকটি স্থানে মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান।

এরপর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা মিনিবাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। একই সঙ্গে বিভিন্ন স্থানে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। তবে কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়নি।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি কিংবা নাশকতার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, ‘আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপি, যুবদল ও ছাত্রদল সব সময়ের মতো এখনো মাঠে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।’

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, পুলিশ, ডিবি তৎপরতা বাড়িয়েছে এবং সতর্ক আছে। ডিবি কাজ করতেছে অপরাধীদের ধরতে। অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যারা নাশকতাগুলো করছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। ইতিমধ্যেই সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

৪৩ বছরের অপেক্ষার অবসান, খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্য…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে অস্ত্রসহ ঘোরাঘুরির সময় যুবককে আটক করলেন ছাত্রদল নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে জরুরি বৈঠক ডেকেছে রাবি
  • ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ১০ নভেম্বর ২০২৬
সবচেয়ে বেশি খারাপ ইংরেজি-আইসিটিতে, এরপরই বাংলায়— বাকি কোন স…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950