আটক ছাত্রলীগ কর্মী ও চাপাতি-ককটেল © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে দেশীয় অস্ত্র (চাপাতি) ও ককটেলসদৃশ বস্তুসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্দেহভাজন এক কর্মীকে আটক করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার পরে তাকে হাতেনাতে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচির নামে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে সংগঠনটির কর্মীরা। এরই ধারাবাহিকতায় ঢাবি ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই ওই ব্যক্তি অস্ত্রসহ প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে থাকা ছাত্রদল নেতাকর্মীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভিসি চত্বরে অবস্থান করছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে তার থেকে চাপাতি ও দেশীয় অস্ত্রসহ জুতার ভেতর থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেন। এরপর তারা তাকে শাহবাগ থানায় নিয়ে যান এবং পুলিশের হাতে তুলে দেন।
আরও পড়ুন: রামেক পরিচালকের কক্ষে গোপন বৈঠকে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক, অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘আটক ব্যক্তির বাড়ি চাঁদপুর জেলায়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নয়। ছাত্রদলের কর্মীরা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। তার কাছ থেকে অস্ত্র পাওয়া গেছে এবং তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।’