আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ড। © সংগৃহীত
নওগাঁয় দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, শহরের বাইপাস গাবতলী মোড়ে পাশাপাশি তিনটি বাস দাঁড়িয়েছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বাস দুটির ক্ষয়ক্ষতি হয়েছে।
নওগাঁ সদর মডেল থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।